ব্রিটিশ এমপি হত্যায় ওবামার সমবেদনা
ব্রিটেনের লেবার পার্টির নারী সংসদ সদস্য জো কক্সকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিন্দা ও সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ওবামা জো কক্সের স্বামী ব্রেনডেন কক্সের সঙ্গে ফোনে কথা বলেন। ব্রেনডেনের সঙ্গে কথা বলার সময় জোকে নির্দয়ভাবে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওবামা।
ওবামা তার দেশের জনগণের পক্ষ থেকে ব্রেনডেন এবং তার দুই সন্তানের প্রতি সমবেদনা জানান। সেসময় ওবামা বলেন, মানুষের প্রতি জো কক্সের নিঃস্বার্থ সেবা বিশ্বকে আরো উন্নত এবং বাসযোগ্য করে তুলেছে। তাকে এভাবে হত্যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
ওবামা আরো বলেন, হত্যাকারী শুধু জোকে হত্যা করেনি। হত্যাকারী জোর পরিবার, একটি সম্প্রদায়, একজন নিবেদিত স্ত্রী, একজন মা এবং এক সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে।
নিজের নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির সামনে বৈঠক করছিলেন জো কক্স। সেখানে বিবাদে জড়িয়ে পড়া দুই ব্যক্তির ঝগড়া থামাতে যান জো। সেসময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
জো কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
জো কক্স গতবছর দেশটির এমপি নির্বাচিত হন। তিনি বেশ কিছু দাতব্য সংস্থার জন্য কাজ করতেন। ৪১ বছর বয়সী এই সংসদ সদস্যর দুই সন্তান রয়েছে।
গত পঁচিশ বছরের মধ্যে জো কক্সই প্রথম কোনো এমপি যাকে হত্যা করা হলো। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ওই ঘটনার পর জো কক্সের হত্যাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 