গানে গানে পূর্ণ করেছেন সঙ্গীত জীবনের ৫০ বছর
রুনা লায়লা। নন্দিত এই কণ্ঠশিল্পী গানে গানে পূর্ণ করেছেন সঙ্গীত জীবনের ৫০ বছর। পেয়েছেন দেশ-বিদেশের সম্মাননা। এ উপলক্ষে গতকাল আরও একবার সংবর্ধনা পেলেন সিটি ব্যাংকের পক্ষ থেকে। সঙ্গীত জীবনের দীর্ঘ পথ পরিক্রমা নিয়ে কথা বলেছেন তিনি-
সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে গুণীজন সম্মাননা পেলেন, কেমন লাগছে?
অনুভূতি তো মুখের কথায় বলে বোঝানো যায় না। এটুকু বলতে পারি, পুরস্কার বা সম্মাননা পাওয়া যে কারও জন্য আনন্দের বিষয়। আমিও আনন্দিত। আমার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উদযাপন এবং সংবর্ধনা দেওয়ার জন্য সিটি ব্যাংকের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।
অনুষ্ঠানে এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নিজের গান শোনার অভিজ্ঞতা কেমন ছিল?
নিজের গান যখন অন্য কেউ গায়, তখন মনে আলাদা এক শিহরণ জাগে। গতকাল আবার এ কথার প্রমাণ পেলাম এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নিজের গান শুনে। ৫০ বছর পূর্তির এই আয়োজনের শিল্পী হিসেবে কনা, কোনাল ও ঝিলিকের নাম প্রস্তাব দিয়েছিলাম আমি। ওরা ভালো গায়, বড় মাপের শিল্পী হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য ওদের কণ্ঠে আমার গান কেমন শোনাবে- তা নিয়ে ভাবিনি।
ক’দিন আগে লন্ডনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেলেন। এই পুরস্কার প্রাপ্তির অনুভূতির কথা জানতে চাই?
ওই যে বললাম, যে কোনো পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের। তবে কারি অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা পাওয়ার ক্ষণটুকু কখনোই ভুলে যাওয়ার নয়। কারণ এদিন পুরস্কার নেওয়ার সময় আমার সঙ্গে ছিল আদরের দুই নাতি জাইন ও অ্যারন।
পেছন ফিরে দেখলে ৫০ বছরের এই শিল্পী জীবনের পথ পরিক্রমা কেমন মনে হয়?
এক কথায় বিস্ময়কর। কেননা গানে গানে ৫০ বছর পেরিয়ে এসেছি ভাবলে নিজেই অবাক হই। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’ ছবিতে গেয়েছিলাম ‘গুড়িয়াসি মুনি্ন মেরি’ গানটি। সেই শুরু, তারপর থেকে আজও গাইছি। এভাবে গাইতে গাইতে কেমন করে পাঁচ দশক পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সৃষ্টিকর্তার কৃপা, ভক্তদের ভালোবাসা, সম্মান এবং পরিবারের সমর্থন না পেলে হয়তো এতটা পথ পাড়ি দিতে পারতাম না। এত মানুষের ভালোবাসাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।
আগামী দিনগুলোর পরিকল্পনা জানতে চাই?
যাদের জন্য এই শিল্পী জীবন, সেসব ভক্ত-শ্রোতার জন্য নতুন নতুন গান করব, এর বাইরে আলাদা কোনো পরিকল্পনা নেই। আমি চাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাইতে।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 