News Bangla 24 BD | রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ সেপ্টেম্বরে - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ সেপ্টেম্বরে


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ, নতুন করে দলের নিবন্ধন প্রদানসহ গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্বে সোমবার সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে একদফা বৈঠক করেছেন। বুধবার বিষয়টি নিয়ে কমিশন আরেক দফা বৈঠকে বসবে। বুধবারের বৈঠকে খসড়া চূড়ান্ত হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, কমিশনের রোডম্যাপে রয়েছে নির্বাচনী আইনের সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটার তালিকা প্রস্তুত, ভোটকেন্দ্র প্রস্তুত, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ এবং ইভিএম বা ডিভিএম প্রস্তুতকরণ।

সূত্র জানায়, কমিশনের খসড়া রোডম্যাপে কোরবানির ঈদের পর চলতি বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ, ডিসেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী আইন সংস্কার, আইনের বিধান অনুসারে ২০১৮ সালের ৩১ জানুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত করা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ করে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করা এবং সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইভিএম/ডিভিএম প্রস্তুত করার টাইম ফ্রেম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তবে ৩’শ আসনে ইভিএম/ডিভিএম ইসির বিবেচনায় থাকলেও রাজনৈতিক দল ‍ও সুশীল সমাজের মতামত এবং কমিশনের সক্ষমতার ওপর বিষয়টি নির্ভর করবে বলে জানা গেছে। এক্ষেত্রে সম্ভব না হলে প্রতীকী হিসেবে এক/দুইটি আসনে এটি ব্যবহার হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী ২৮ মার্চের বৈঠকে ইভিএম’র সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় একাদশ সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র প্রস্তুত করা, মালামাল সংগ্রহ, ভোটের আগে সংক্ষিপ্ত পরিসরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, নির্বাচনী আইন সংশোধনসহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে ইসি সচিবালয়।

এর আগে সোমবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘কিছু ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলে আমরা দলগুলোর সঙ্গে আলোচনায় বসবো। দলগুলোর উচিত নিজেদের স্বাধীন মনে করা। তারা যদি আমাদের পরামর্শ দেয়, তবে আমরা তা সাদরে গ্রহণ করবো।’

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এ হিসেবে বর্তমান সরকারের মেয়াদ হচ্ছে ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। সংবিধান অনুসারে সংসদে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী ৯০দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ হিসেবে ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ২০১৮ সালের নভেম্বরের মাঝামাঝিতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে, ২০১৯ সালের জানুয়ারির প্রথম দিকে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়ে কাজ ইসি। এক্ষেত্রে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ