রাজশাহীর মেয়রের তালাবদ্ধ কক্ষ খোলা হয়েছে
আজ রোববার বেলা দেড়টার দিকে রাজশাহী সিটি করপোরেশন মেয়রের তালাবদ্ধ কক্ষ খোলা হয়েছে। উচ্চ আদালতের রায় নিয়ে সকাল ১০টার দিকে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তার দায়িত্ব নিতে নগর ভবনে আসেন। কিন্তু তালা ঝোলানো থাকায় মেয়র তার কক্ষে প্রবেশ করতে পারেননি। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে নগর ভবন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতা-কর্মী সঙ্গে নিয়ে নগর ভবনে আসেন বুলবুল। এসময় নিজের কক্ষে তালা ঝোলানো দেখেন তিনি। পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে গিয়ে বসেন। তার সঙ্গে আলাপ করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা নগর ভবনে অবস্থান নেন।
দুপুর ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার পুলিশ নগর ভবনে আসে। তারা মেয়রের দপ্তরের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দিতে গেলে হট্টগোল বাধে। নেতা-কর্মীদের চিৎকার-চেঁচামেচিতে উত্তপ্ত হয়ে ওঠে নগর ভবন। এ সময় মেয়রের পিএর কক্ষের কাচ ও টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।
মেয়রের পিএ শহিদুল ইসলামের ভাষ্য, বুলবুলের সঙ্গে আসা লোকজনই তার কক্ষে ভাঙচুর চালিয়েছেন। বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, মেয়রবিরোধী লোকজন ভাঙচুর চালিয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিএনপির নেতা-কর্মীরা একজন তালার মিস্ত্রিকে ডেকে আনেন।
তালা ভাঙার চেষ্টা করলে মেয়রের পিএ শহিদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম রাশিদুল হাসান বলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব না এলে তালা খোলা যাবে না।
বেলা সোয়া ১১টার দিকে মেয়র বুলবুল বলেন, উচ্চ আদালতের রায় পাওয়ার পর আজ দায়িত্ব নিতে নগর ভবনে এসেছেন। কিন্তু তার কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। উচ্চ আদালতের রায়ের পরও নগর ভবনে তাকে বসতে না দেওয়া গণতন্ত্র হত্যার শামিল।
এক প্রশ্নে বুলবুল বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে আমি মেয়র হয়েছি। আমি আমার কাজ দপ্তরে বসে করতে পারি, বাড়িতে বসেও করতে পারি।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের রায়ের পর মেয়রের দায়িত্ব নিতে বুলবুল আজ নগর ভবনে এসেছেন। কিন্তু তার দপ্তরে কে বা কারা তালা দিয়েছে। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে। বেলা দেড়টার দিকে বিশেষ কায়দায় মেয়রের কক্ষের দরজা খুলে ফেলা হয়। সেই সময় পর্যন্ত বুলবুল নগর ভবনেই অবস্থান করছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 