২০ মাস হাসপাতালে শীর্ষ সন্ত্রাসী জোসেফ!
শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ টানা ২০ মাস ধরে হাসপাতালে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামির কোনো জটিল রোগের কথা জানা যায়নি। কাগজপত্রে লেখা, ‘পিঠে ব্যথা’। এই ‘ভিআইপি রোগী’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কারাকক্ষে আছেন আরাম-আয়েশে। যাঁকে খুশি কারাকক্ষে ডেকে নিচ্ছেন, দল বেঁধে আড্ডা দিচ্ছেন। ১৯৯৯ সালের একটি হত্যাকাণ্ডে তাঁর মৃত্যুদণ্ড হয়। এই রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এখনো সাজা ভোগ করা বাকি আছে ২০ বছর ৯ মাস। সম্ভাব্য মুক্তির তারিখ ২০৩৯ সালের ২৪ জানুয়ারি।খবর প্রথম আলো’র।
শীর্ষ সন্ত্রাসীর এভাবে মাসের পর মাস হাসপাতালে অবস্থান নিয়ে বিব্রত চিকিৎসক ও কারা প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়ছে না। কারণ জানতে চাইলে চিকিৎসক ও কারা প্রশাসনের কর্মকর্তাদের একই জবাব, ‘সবই তো বোঝেন।’
জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) আবদুল্লাহ্-আল-হারুন বলেন, ‘মেডিকেল বোর্ড না বললে তো আমি কিছু করতে পারি না। এ প্রশ্ন আমার নিজেরও, বিষয়টি অস্বাভাবিক।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষের দোতলার একটি কক্ষে আছেন জোসেফ। গত রোববার ও গতকাল মঙ্গলবার সেখানে গেলে এক কারারক্ষী বেশ উৎসাহ নিয়ে এগিয়ে আসেন। জানতে চান, কোনো ভিজিটিং কার্ড আছে কি না। কারারক্ষী বলেন, একটা কাগজে আপনার নাম লিখে দেন, আর প্রিজন সেল ভবন থেকে দূরে গিয়ে দাঁড়ান। ওপর থেকে স্যার আপনাকে দেখবেন। তিনি চিনতে পারলে ওপরে ওঠার অনুমতি দেবেন।
কারারক্ষীর কথামতো একটু দূরে দাঁড়াতেই কারাকক্ষের দোতলা থেকে আরও এক কারারক্ষী জানতে চান, ‘জোসেফ স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন?’ হ্যাঁ সূচক জবাব শুনে তিনি অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে দোতলায় গ্রিলের ভেতর থেকে উঁকি দিয়ে দেখে দ্রুত ভেতরে চলে যেতে দেখা যায় জোসেফকে। এরপর কারারক্ষী ফিরে এসে বলেন, ‘স্যার আপনাকে চিনতে পারেননি, দেখা করবেন না।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তথ্য অনুযায়ী ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পিঠে ব্যথার কারণে জোসেফকে বিএসএমএমইউর কারাকক্ষে (প্রিজন সেল) আনা হয়। তারপর থেকে তিনি হাসপাতালেই আছেন। জোসেফের চিকিৎসা করছেন নিউরোলজি বিভাগের অধ্যাপক আবু নাসার রিজভী। রোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যাক পেইন। ব্যথা আছে। ফিজিওথেরাপি নিচ্ছে। ভালো না হলে অপারেশন লাগতে পারে।’
গত জুনে এই প্রতিবেদক যখন জেসেফের শারীরিক অবস্থার বিষয়ে এই চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলেন, একই কথা বলেছিলেন তিনি। এক বছরেও তাঁর কেন কোনো অপারেশন হলো না জানতে চাইলে বলেন, ‘করব, শিগগিরই হবে।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 