News Bangla 24 BD | আজ ঐতিহাসিক ৭ মার্চ - News Bangla 24 BD
News Head

বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য সাধারণ ও তাৎপর্যপূর্ণ দিন ৭ মার্চ। এই দিনই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশ দেন। তার এই ভাষণের মধ্যেই সুস্পষ্ট হয়ে যায় পাকিস্তানের শোষণ-নির্যাতন থেকে মুক্ত হতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।

বুধবার সেই ঐতিহাসিক ৭ মার্চ। তবে এবার ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য আরও বেড়ে গেছে বঙ্গবন্ধুর শিহরণ জাগানো ভাষণটি ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায়। এই স্বীকৃতি সেই ঐতিহাসিক দিনটি উদযাপনে যোগ করছে নতুন মাত্রা।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণটি দেন। স্বাধীনতার জন্য অদম্য স্পৃহা নিয়ে সংগ্রামরত মুক্তিকামী জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে বঙ্গবন্ধু সেদিন বজ্রকণ্ঠে উচ্চারণ করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

এই বিজয়ের যাত্রায় বাংলাদেশ এগিয়ে চলেছে বিশ্ব দরবারে। বঙ্গবন্ধুর সেই অনন্য সাধারণ ভাষণটি জাতিকে উদ্বুদ্ধ-উজ্জীবিত করে আজো।

বরাবরের মতো এবারও ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে আওয়ামী লীগের জনসভা। বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম ৭ মার্চ উদযাপন করতে যাচ্ছে বাঙালি জাতি। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এ উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ