News Bangla 24 BD | চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’ - News Bangla 24 BD
News Head

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’


বিনোদন ডেস্ক :: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই রোমাঞ্চ আর উন্মাদনা। বিশেষ সংকলিত এবারের ‘ইত্যাদি’ আগামীকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। ইত্যাদি মানেই ভিন্ন কিছু, ভিন্ন আবহ আর ভিন্ন ঐতিহ্যের নতুন ছোঁয়া। এর আগে ২০১৬ সালের চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে ঐতিহাসিক আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব। প্রকৃতির অপার সৌন্দর্য আর প্রাচীন বরেন্দ্র অঞ্চল ও গৌড়-সুলতানী আমলের গৌরবান্বিত ইতিহাসের সাক্ষী সেই আম্রকানন।
এবার সেই ঐতিহাসিক পটভূমিতে ধারণ করা পর্বের কিছু অংশ ছাড়াও ইত্যাদির পূর্বে প্রচার করা চমৎকার সব আয়োজন নিয়ে হাজির হচ্ছে এবারের সংকলিত পর্বটি। আর এবারের পর্বটিকে সাজানো হয়েছে ফুটবলের আবহে, আর অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল চমৎকার সব অংশ দিয়ে। এ ছাড়া নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ দেখা যাবে নানি-নাতি, মামা-ভাগ্নের এবং চিঠিপত্র বিভাগ।
ইত্যাদির এই বিশেষ সংকলিত আর বিষয় বৈচিত্র্যে ভরপুর এ পর্বটিতে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে অনুষ্ঠান ধারণ স্থান চাঁপাইনবাবগঞ্জ এবং এর বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়া থাকছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। এ ছাড়া ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন, যাকে ১৯৯৫ সালে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। আর খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। আর প্রতিবেদনে বিদেশি দর্শকদের নিয়ে যাওয়া হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পর্বতময় ও দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিসের রাজধানী এথেন্সে। সেখানে থাকছে গ্রিসের বিখ্যাত ‘ইভজোন্স’ নামক সেনা দলের ওপর একটি দারুণ ডকু-ফিচার।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানিকে আমন্ত্রণ জানানো হয়। তাদের দল চাঁপাইনবাবগঞ্জ ও আমাদের লোকসংগীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছে। তাদের পরিবেশিত সেই গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। পাশাপাশি রয়েছে একটি ব্যতিক্রমী বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা এ ড্রামাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ