News Bangla 24 BD | আঙ্কারায় ফের গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৩৪ - News Bangla 24 BD
News Head

তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১২৫ জন।

রয়টার্সের খবরে বলা হয়, রোববার সন্ধ্যায় তুরস্কের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ওই বিস্ফোরণ ঘটানো হয়, যার শব্দ পাওয়া যায় কয়েক কিলোমিটার দূর থেকেও।

তুরস্কের প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার একই ধরনের হামলা চালানো হলো।

বিবিসি জানিয়েছে, কিজিয়ালিতে গুভেন পার্কের কাছে ওই এলাকাটি আঙ্কারার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও যোগাযোগের কেন্দ্রস্থল।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেশ কয়েকটি যানবাহনকে জ্বলতে দেখা যায়; এর মধ্যে একটি বাসও ছিল।

গতমাসে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে পরিচালিত একই ধরনের হামলায় ২৮ জন নিহত হন।

কোনো দল রোববারের হামলার দায় স্বীকার না করলেও একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের বা তাদের কোনো সহযোগীর কাজ হয়ে থাকতে পারে।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে পারছেন না বলেই এখন বেসামরিক জনগণকে নিশানা করছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী মেহমেত মুয়েজ্জিনোগলু এক সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই ৩০ জন নিহত হন। আর চারজন মারা যান হাসপাতালে। নিহতদের মধ্যে অন্তত দুইজন হামলাকারী রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ১২৫ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে তুরস্কে বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত জানুয়ারিতেই ইস্তাম্বুলে এক জঙ্গি হামলায় অন্তত দশজন নিহত হন, যাদের অধিকাংশই জার্মান পর্যটক। তার আগে গতবছর অক্টোবরে আঙ্কারায় কুর্দিদের শান্তি সমাবেশে জোড়া আত্মঘাতী হামলায় শতাধিক লোকের মৃত্যু হয়।

২০১৫ সালের জুলাইয়ে আক্রান্ত হয় সিরিয়া সীমান্তের কাছে কুর্দি অধ্যুষিত শহর সুরুস। ওই আত্মঘাতী হামলায় ৩০ জন নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ