যুদ্ধাপরাধীদের সরকারি প্লট বাতিল: মন্ত্রী
যুদ্ধাপরাধীদের সরকারি প্লট বাতিল করা হয়েছে। সচিবালয়ে বুধবার (১৩ জুলাই) রাজউকের ফ্ল্যাট গ্রহীতাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের স্বল্পসুদ ঋণ চালুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত যেসব প্লট বা ফ্ল্যাটে ডেভেলপমেন্ট কোম্পানি কাজ করছে তারা তাদের অংশ পাবে। বাকি অংশ সরকার নিয়ে নেবে।
মন্ত্রী বলেন, “কোনো কোনো যুদ্ধাপরাধী, কারও নাম বলব না, সে ডেভেলপারকে দিয়েছে। ডেভেলপারের তো কোনো দোষ নেই। ডেভেলপারের অংশ ডেভেলপার নিয়ে নেবে, বাকি অংশ আমরা নিয়ে নেব।”
যাদের প্লটের বরাদ্দ বাতিল হয়েছে, সেই যুদ্ধাপরাধীদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন জানতে চাইলে হাসতে হাসতে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধী তো অনেকেই আছে। যাদের নামে আছে সবগুলো আমরা নিয়ে নিচ্ছি।”
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সরকারি প্লট ছিল বলে গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে।
২০০৬ সালে ‘রাষ্ট্রীয় কাজের স্বীকৃতিস্বরূপ’ জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে প্লট দেয় রাজউক। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত ১০ মে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বনানীর ১৮ নম্বর সড়কের ৬০ নম্বর প্লটটি ১৯৯৫ সালে আজিজুর রহিম নামের এক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০০৬ সালের ২১ মে রাজউকের বোর্ডসভায় তা বাতিল করে পাঁচ কাঠার ওই প্লট তৎকালীন শিল্পমন্ত্রী নিজামীকে দেওয়া হয়।
এ নিয়ে আগের বরাদ্দগ্রহীতা পূর্ত মন্ত্রণালয়ে সচিবের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আজিজুর রহিম ওই প্লটের বিপরীতে তিন লাখ টাকা কিস্তি পরিশোধ করার পরও তা নিজামীকে বরাদ্দ দেওয়া হয়েছিল। নিজামী প্লটটি বরাদ্দ পাওয়ার পর জামায়াত নেতাদের পরিচালিত মিশন ডেভেলপার লিমিটেডের নামে আমমোক্তারনামা দেন, যা রাজউক অনুমোদিত নয়।
বনানী ঝিলপাড়ে জে ব্লকের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির নাম ‘মিশন নাহার’। নির্মাণ প্রতিষ্ঠান ‘মিশন’ আর নিজামীর স্ত্রী শামসুন নাহার নিজামীর নাম থেকে ভবনটির এ নাম।
গত ১৫ জুন জাতীয় সংসদে গণপূর্তমন্ত্রী বলেন, “নিয়ম বহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা, সাজাপ্রাপ্ত, অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক কর্তৃক প্লট বরাদ্দ প্রদান করা হয়ে থাকলে তা তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 