News Bangla 24 BD | ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’


দেশবাসীসহ প্রবাসী বাঙালিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের দিন মঙ্গলবার সকালে গণভবনে আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের নাগরিকদের পর ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।“দেশের না, বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ একটা বিরাট সমস্যা। এই সমস্যা যার যার নিজ নিজ অবস্থান থেকে মোকাবেলা করতে হবে।”

গত ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তায় ঈদুল আজহার নামাজ হয়।

এবার ঈদে সে ধরনের কোনো ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। সবাই ভালোভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন।”

নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর প্রশংসা করে তিনি বলেন, “প্রত্যেকে চমৎকার ভূমিকা নিয়েছেন। গোয়েন্দা সংস্থাও যথাসময়ে তথ্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেতে সহায়তা করছে।”

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই, সবাই জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

“কারণ বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ আর সন্ত্রাস হোক, সেটা আমরা চাই না।”

অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম, ধর্মীয় শিক্ষকসহ সাধারণ নাগরিকরা নিজ নিজ কর্মস্থলে যেন যথেষ্ট সচেতন থাকেন, সেই প্রত‌্যাশাও রাখেন তিনি।

বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের অসাম্প্রদায়িক ঐতিহ‌্যের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেকে যেন তারা ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা।”

জঙ্গিবাদ দমনে সরকারের পদক্ষেপে সর্বস্তরের নাগরিকদের সাড়া দেওয়ার প্রশংসাও করেন তিনি।

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের কিছুটা থমকে দেয়। কিন্তু, আমরা যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারি।

“রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি। কোনো ষড়যন্ত্রকারী যেন এই স্বাধীনতার ক্ষতি করতে না পারে। এজন্য, আমাদের সকলকে সচেতন থাকতে হবে।”

ধর্মের নামে মানুষ হত‌্যার সমালোচনা করে তিনি বলেন, “নিরীহ মানুষকে হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। তারপরও ধর্মের নামে মানুষ খুন করা, বিবাদ সৃষ্টি করা.. আমি মনে করি, এতে ইসলাম ধর্মেরই ক্ষতি হচ্ছে। ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

“ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। তারা ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করছে। এই ধর্মের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের জীবনটা অতিষ্ঠ করছে।”
জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১২ দিনের সফরে ঈদের পরদিন বুধবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

এজন্য সকলের কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, “জাতিসংঘের সম্মেলন শুরু হতে যাচ্ছে। আমি আগামীকালই বিদেশে যাচ্ছি। কানাডায় আমার একটা কর্মসূচি আছে। এরপর নিউ ইয়র্কে যাব।

“আমি সকলের দোয়া চাই। যেন যে দায়িত্ব ভোটের মাধ্যমে জনগণ আমাকে দিয়েছে.. যেখানে যাই, যে কাজই করি, বাংলাদেশের মানুষের মানসম্মান যেন সুউচ্চে রাখতে পারি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ