নির্বাচনে অংশ নিতে পদ ছাড়তে হবে প্রশাসকদের
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে বর্তমান প্রশাসকদের পদত্যাগ করতে হবে- এই বিধি সংযোজন করে স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (০৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
গত ২৯ আগস্ট জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। কিন্তু ওই আইনে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে বর্তমান মনোনীত প্রশাসকদের বিষয়ে কিছু বলা হয়নি। ফলে নির্বাচন কমিশন ওই বিধিতে সংশোধনী আনার প্রস্তাব করে।
গত ৫ সেপ্টেম্বর অধ্যাদেশ আকারে জারি করা ওই আইনের ৬ (চ) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য নির্বাচিত হইবার এবং থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচিত চেয়ারম্যান বা সদস্য হন বা থাকেন। মন্ত্রিসভার অনুমোদনের ফলে এই উপধারায় ‘জেলা পরিষদ প্রশাসক’ শব্দগুচ্ছটি যোগ হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এই উপধারায় জেলা প্রশাসক শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটি সংশোধন হলে জেলা পরিষদের নিয়োগকৃত প্রশাসকরা পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
তাদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে আইন সংশোধন করে গত অগাস্টে তা অধ্যাদেশ আকারে জারি করেছিল সরকার। ওই অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই আইন হিসেবে পাসের জন্য সংসদে তোলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বৈঠকে দু’টি শোক ও তিনটি অভিনন্দন প্রস্তাব গৃহীত: মন্ত্রিপরিষদ বৈঠকে দু’টি শোক ও তিনটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাবগুলো গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, গাজীপুরের টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন নিহত ও ৩৬ আহত হওয়ায় এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে মোট দু’টি শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে।
এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পাওয়ায় দুটি এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়া একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 