News Bangla 24 BD | সবদিক থেকেই গুরুত্বপূর্ণ চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সবদিক থেকেই গুরুত্বপূর্ণ চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর


প্রায় তিন দশক পর চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফরে আসছেন। শি জিনপিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বেইজিং। এটি তার তিন দেশ সফরের অংশ। এবার তিনি কম্বোডিয়া, বাংলাদেশ ও ভারত সফর করবেন। সফরকালে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি সই হবে। তার পূর্বনির্ধারিত নেপাল সফর বাতিল হয়েছে। ভারতে তিনি ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু সরকারের জন্যই নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির অনুকূলে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে ঢাকায় আসছেন। চীনের প্রেসিডেন্টের এই সফরকে অর্থনৈতিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। তার এই সফরের সময় বাংলাদেশের প্রস্তাবিত ২৫টি মেগা প্রকল্পের জন্য দুই বিলিয়ন ডলার (এক লাখ ৮৪ হাজার কোটি টাকা) ঋণের বিষয় চূড়ান্ত হবে বলে জানা গেছে।

এই সফরে বঙ্গোপসাগরে পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তার বিষয়টিও চূড়ান্ত হবে। চীনের প্রেসিডেন্টের এ সফরে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে ঋণ সহায়তার সমঝোতা চুক্তি সই হবে।

দু’দিনের সফরে ঢাকায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও চীনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কেং সোমবার এক ঘোষণায় বলেন, কম্বোডিয়ার রাজা নরোদম শিহামনি, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং কম্বোডিয়া, বাংলাদেশ ও অষ্টম ব্রিকস সম্মেলনে যোগদানের লক্ষ্যে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই তিন দেশে রাষ্ট্রীয় সফরে যাবেন।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি বাউডং বেইজিংয়ে প্রেসিডেন্ট শি’র বাংলাদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছেন, সফরকালে দু’দেশ গুরুত্বপূর্ণ চুক্তি সই করবে। তিনি আরও বলেন, গোয়ায় অনুষ্ঠেয় সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে, পাঁচ জাতির ব্রিকস ব্লকের নেতাদের সঙ্গে বিমসটেক নেতাদের বৈঠকের সুযোগ সৃষ্টি হবে।

এদিকে, চীনের প্রেসিডেন্টের নেপাল সফর বাতিল করা হয়েছে। বাংলাদেশে আসার আগে তার নেপাল সফরে যাওয়ার কথা ছিল। তবে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড ভারতের পর্যটন নগরী গোয়ায় ব্রিকস সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। মিডিয়ার খবরে বলা হয়েছে যে, চীন ও নেপালের মধ্যে সংযোগ স্থাপনের চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় চীন খুবই হতাশ। এ কারণেই চীনের প্রেসিডেন্টের নেপাল সফর বাতিল হয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকস সম্মেলন আগামী ১৫ ও ১৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ায় অনুষ্ঠিত হবে। ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ ১৬ অক্টোবর বঙ্গোপসাগরীয় জোট বিমসটেকের শীর্ষ নেতারা ব্রিকস নেতাদের সঙ্গে আউটরিচ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আউটরিচ সম্মেলনে যোগ দিতে আগামী ১৬ অক্টোবর ভারতের গোয়ায় যাচ্ছেন। সেখানে সাইডলাইনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে বেশ কিছু মেগা প্রকল্পে বড় অংকের ঋণ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। তবে কয়টি প্রকল্পে কত ঋণ ঘোষণা করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। প্রতিদিনই এ নিয়ে ঢাকায় বিভিন্ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারাসহ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ