আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু : কে হচ্ছেন সাধারণ সম্পাদক ?
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে বর্ণিল সাজে সজ্জিত সম্মেলনের ভেন্যু ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে সকাল থেকেই আসতে শুরু করে কাউন্সিলর ও ডেলিগেটরা। দলীয় কাউন্সিলরসহ দেশী-বিদেশী ৫০ হাজার অতিথি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের এবারের সম্মেলন। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠান পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার পরিবেশন করেন সম্মেলনের থিম সং।
আওয়ামী লীগের এবারের সম্মেলন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের নেতাকর্মীদের কাছে। প্রথমবারের মতো সম্মেলনের কাউন্সিলর হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মধ্য দিয়ে দলের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের উপস্থিতির সম্ভাবনা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এ ২০তম সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন সজীব ওয়াজেদ।
এদিকে দলের নতুন সাধারণ সম্পাদক কে হচ্ছেন— তা নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সাধারণ সম্পাদক হিসেবে দলীয় সভানেত্রীর আস্থাভাজন সৈয়দ আশরাফুল ইসলাম হ্যাটট্রিক করতে যাচ্ছেন— এমন কথা কিছুদিন শোনা গেলেও দুদিন ধরে উল্টো পথে বইতে শুরু করেছে হাওয়া।
বিশেষ করে বুধবার (১৯ অক্টোবর) রাতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে পাঠালে গুঞ্জন বাড়তে থাকে। টানা দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সৈয়দ আশরাফুল ইসলামকে এবার একটু বিশ্রাম দিয়ে ওবায়দুল কাদেরকে ওই পদে আনা হতে পারে বলে মনে করছেন অনেকে, যদিও বিষয়টি নিয়ে এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসভবনে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সব কিছু নির্ধারণ হবে সম্মেলনের মধ্য দিয়ে। এর আগে এ ধরনের গুঞ্জন বা আলোচনা কাম্য নয়।
সম্মেলন সামনে রেখে আলোচনায় আছেন জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজও। তাকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সোহেল তাজ।
দলের সভাপতিমণ্ডলী থেকে কিছু নেতার বাদ পড়ার কথাও শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন সাহারা খাতুন ও নূহ-উল-আলম লেনিন। আর সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে ঠাঁই পেতে পারেন আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, সোহেল তাজ, এবিএম মহিউদ্দিন, দিপু মনি, ড. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) ফারুক খান।
শুক্রবার (২১ অক্টোবর) সম্মেলনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। শেষ দিনে দলের ধানমন্ডি কার্যালয়ে ছিল সম্মেলনস্থলে প্রবেশের কার্ড সংগ্রহের দিন। এদিন সকাল থেকেই ধানমন্ডি ৩ নম্বর রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে জেলা শহর থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
এবারের সম্মেলনে থাকছে চোখ ধাঁধানো লেজার শো, তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা, ৫০ হাজার মানুষের দুই দিনব্যাপী খাবারের ব্যবস্থা। আর ঢাকাসহ দেশের বিভাগীয়, জেলা, উপজেলা শহরগুলোয় ১০ দিন আগে থেকেই চলছে আলোকসজ্জা। বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে তাই এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ হয়েছে— ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মওলানা ভাসানীকে নবগঠিত দলের সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই সময়ের তরুণ নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক। ক্ষমতাসীন মুসলিম লীগকে চ্যালেঞ্জ করেই আওয়ামী মুসলিম লীগের যাত্রা শুরু। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে এই দলের নেতাকর্মীরা বিপুলভাবে সম্পৃক্ত হন। ১৯৫৩ সালের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ নিয়ে শুধু আওয়ামী লীগ রাখা হয়। এর মাধ্যমে দলটি ধর্মনিরপেক্ষ ও উদার মধ্যপন্থী দল হিসেবে গ্রহণযোগ্য হয়।
এদিকে, বিএনপি আমন্ত্রণ গ্রহণ করেছে তবে খালেদা জিয়া বা মির্জা আলমগীর যাবেন কি-না অথবা তাদের পরিবর্তে দলের পক্ষে কারা আওয়ামী লীগের সম্মেলনে যাবেন সে সম্পর্কে পরিষ্কার কিছু বলেননি। তবে বিএনপির সর্বশেষ সম্মেলনে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হলেও তাদের কেউ তাতে যোগ দেননি।অবশ্য বিএনপি কিংবা আওয়ামী লীগ কোন দলের শীর্ষ নেতারই প্রতিপক্ষ দলের এ ধরণের অনুষ্ঠানে যোগ দেয়ার নজির দেশে নেই।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 