‘ত্রুটি পেলে লাইটার কারখানার বিরুদ্ধে ব্যবস্থা’
সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটিতে কোনো ত্রুটি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আশুলিয়ার গ্যাস লাইটার ফ্যাক্টরিতে দগ্ধদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওষুধ থেকে শুরু করে সবকিছুর ব্যয় সরকার বহন করছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে। কারো কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে ওই গ্যাস লাইটার কারখানার বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। যদি কারখানার কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এরপর চিকিৎসারতদের দেখতে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনিও দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানের কথা বলেন। একই সঙ্গে নিহতদের দুই পরিবারকে দুই লাখ টাকা করে অনুদানের আশ্বাস দেন তিনি। আহতদের নগদ ২০ হাজার টাকা অনুদান দেন শ্রম প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সচিব মিকাইল শিপার।
সাংবাদিকদের তিনি জানান, কারখানার বিরুদ্ধে কোনো ত্রুটির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ওই কারখানায় শিশুশ্রম আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে সাভার শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় আগুন লাগে। এতে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুজন মারা যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।
এদিকে বিকেল ৩টার দিকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম দগ্ধ শ্রমিকদের দেখতে হাসপাতালে আসেন। তার সঙ্গে কারখানার মূল মালিকের ব্যবসায়িক সহযোগী মো. শামীমের স্ত্রীও ছিলেন। পরে তারা নিহত রোকেয়া বেগম ওরফে রকির পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 