প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি : বিমানের ৬ কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও জরুরি অবতরণের ঘটনায় সংস্থার ইঞ্জিনিয়ারিং শাখার ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে জনাকির্ণ এক সংবাদ সম্মেলনে ৬ কর্মকর্তার বরখাস্তের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে তাদের নাম, পরিচয় জানাননি তিনি।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহম্মেদ সন্ধ্যায় ৬ জনের বরখাস্ত আদেশ জারি করেন। এরা হলেন, এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন ও সিদ্দিকুর রহমান। তারা সবাই বিমানের ইঞ্জিনিয়ারিং শাখার কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটের (বিজি-১০১১) ইঞ্জিনে অয়েল (লুব্রিকেন্ট) সিস্টেমের একটি নাট-বোল্ট অর্ধেক খোলা ছিল। ওই ঢিলা অংশ দিয়ে ইঞ্জিন থেকে লুব্রিকেন্ট বেরিয়ে যায়। এতে ওই ইঞ্জিনে জিরো হয়ে যায় অয়েল। যার কারণে বাধ্য হয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়। এটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ব্যর্থতার (হিউম্যান ফেইলর ফ্যাক্টর) কারণেই হয়েছে। তাই আপাতত বিমানের ৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।
হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চার দিনের সফরে সে দেশের উদ্দেশে গত রোববার স্থানীয় সময় সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১১) ‘রাঙ্গা প্রভাতে’ ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর এ ফ্লাইটে তার সফরসঙ্গী ৯৯ জন, চারজন ককপিট ক্রু, ২০ জন কেবিন ক্রু এবং চারজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে) বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
তবে যান্ত্রিক ত্রুটিতে পড়ায় তা গতিপথ পরিবর্তন করে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে চারজন প্রকৌশলী উড়োজাহাজটির মেরামতের কাজ করেন এবং মেরামত শেষে ৪ ঘন্টা পর বিমানটি কিছুক্ষণ পরীক্ষামূলক উড্ডয়ন করে। এরপর বিমানটি বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। পরে বিমানটি বাংলাদেশ সময় রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রধানমন্ত্রীর এ বিমান দূর্ঘটনায় সোমবার বিমান, সিভিল এভিয়েশন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিমানের চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটির অপর সদস্যরা হলেন- চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, ডেপুটি চিফ অব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ ও ম্যানেজার (কোয়ালিটি অ্যাসুরেন্স) নিরঞ্জন রায়। অপরদিকে সিভিল এভিয়েশনের ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (এফওআই) ক্যাপ্টেন ফরিদুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুল হক শাহ ও আনন্দ মণ্ডল।
এছাড়া বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) স্বপন কুমার সরকারকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির রিপোর্টের ভিত্তিতে আপাতত ৬ জনকে বরখাস্ত করা হচ্ছে। এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুুটি ও জরুরি অবতরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৬ জনকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে তাদের দায়িত্ব পালনে অবহেলা পেয়েছে তদন্ত কমিটি। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আরও ৫ দিন সময় লাগবে। রিপোর্ট পেলে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 