News Bangla 24 BD | শিক্ষকতায় দক্ষ জনশক্তি গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকতায় দক্ষ জনশক্তি গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর


শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষকতা পেশার জন্য একটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি করণীয় নির্ধারণে জোর দিয়েছেন তিনি।

রোববার সকালে ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লুতে তিন দিনব্যাপী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষা বিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে ই-নাইন মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। বাংলাদেশ এবারই প্রথম এ সম্মেলন হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ‌্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে নীতিগত উপায় উদ্ভাবন এবং বিশেষ প্রণোদনার বিষয়ে চিন্তাভাবনা করার কথাও জানিয়েছেন তিনি। এই পেশার জন্য একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করতে বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত বিশ্বে মানবাধিকার, শান্তি এবং স্থিতিশীলতার প্রতি হুমকি হিসাবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির মাধ‌্যমে এ সমস্যার সমাধান সম্ভব। আর এ বিষয়টি মাথায় রেখেই সরকার শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণের সংস্কার করছে।

২০১০ সালে বাংলাদেশে নতুন শিক্ষানীতি প্রণয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বেশকিছু কৌশলগত নীতি এবং উদ্যোগ গ্রহণ করেছি।’ শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে এবং ভর্তির হার বৃদ্ধি করতে ইতোমধ্যে এক বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘শিশুদের শৈশবে মাতৃভাষায় শেখার অধিকারের বিষয়টি মাথায় রেখে আমরা ক্ষুদ্র-নৃগোষ্ঠির মাতৃভাষায় প্রাক-প্রাথমিক বই প্রকাশ করছি।’

তিনি জানান, এর ফলে ২০১৬ সালে প্রাথমিক পর্যায়ে ভর্তির হার ৯৮ শতাংশে উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার ২০ শতাংশে হ্রাস পেয়েছে। ২০১১ সালে ঝরে পড়ার হার ছিল ৪৭ শতাংশ। বছরের প্রথমদিন ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণও এই সাফল্যের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘২০১০ সাল থেকে এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমরা ২.২৫ বিলিয়ন পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছি। এটা বিশ্বের সবচেয়ে বৃহৎ বই বিতরণ কার্যক্রম।’ শিক্ষা সামাজিক অন্তর্ভুক্তি সমর্থন করে, নারীর বিরুদ্ধে সহিংসতা কমায় এবং তাদের ক্ষমতায়নে সাহায্য করে মন্তব‌্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন মেয়েরাই বেশি স্কুলে যাচ্ছে।’

ই-নাইনের এই বৈঠক ‘মাইলফলক হিসাবে’ চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমি আরও বিশ্বাস করি, আমাদের এই বিশ্বের জন্য একটি টেকসই সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে এই বৈঠক প্রয়োজনীয় সুযোগ চিহ্নিত এবং কাজে লাগাতে সহায়তা করবে।’

এই অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে দুই বছরের জন্য এই ফোরমের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানের শিক্ষা প্রতিমন্ত্রী মুহাম্মদ বালিঘ-উর-রহমান গত দুই বছর ই-নাইনের সভাপতির দায়িত্ব পালন করেন।

পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা কর্মসূচি এগিয়ে নেওয়া এবং দ্রুততার সঙ্গে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ্য দিয়ে ১৯৯৩ সালে ভারতের নয়া দিল্লিতে ই-নাইন গঠিত হয়। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অধ্যুষিত নয়টি উন্নয়নশীল দেশের সাধারণ শিক্ষা বিষয়ক লক্ষ্যগুলোকে নিয়ে এই সংস্থা কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ ও ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া এ ফোরামের সদস্য। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো এক বা একাধিকবার এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছে।

ই-নাইনের নতুন সভাপতি শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ বক্তব্য দেন। এরপর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইইনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।

এছাড়া পাকিস্তানের শিক্ষা প্রতিমন্ত্রী মুহাম্মদ বালিঘ-উর-রহমান ইসলামাবাদে অনুষ্ঠিত দশম বৈঠকের প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এ বিভাগের অন্যান্য সংবাদ