News Bangla 24 BD | দক্ষতাবিহীন সনদ জাতির জন্য বোঝা - News Bangla 24 BD
News Head

শিক্ষা দক্ষতামুখী হতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দক্ষতাবিহীন সনদভিত্তিক শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জন্য বোঝা তৈরি করে।

শনিবার আইডিইবি মিলনায়তনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) আয়োজিত ‘জাতীয় দক্ষতা প্রতিযোগিতা- ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণই জাতির অর্থনৈতিক মুক্তির পথ। কারিগরিই হবে শিক্ষার অগ্রাধিকার। সরকার পর্যায়ক্রমে শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেবে।

তিনি বলেন, শিক্ষা বাংলাদেশের অগ্রাধিকার খাত আর কারিগরি শিক্ষা হলো অগ্রাধিকারের অগ্রাধিকার। সরকার এরই মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ১ শতাংশ থেকে ১৪ শতাংশের ওপরে উন্নীত করেছে। এই হার আগামী ২০২০ সালের মধ্যে ২০ শতাংশে এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে জোর উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্ত পর্যায়ে এ হারকে ৬৫ শতাংশের ঊর্ধ্বে তুলতে হবে। এ খাতের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা, কোর্স-কারিকুলাম যুগোপযোগী করা, যন্ত্রপাতি-ল্যাব-ওয়ার্কশপ বাড়ানো, নতুন নতুন প্রকল্প গ্রহণ করাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধার মধ্যে আছে। ১০০ বছরের বেশি সময় পর কোনো দেশ এ সুবিধা পায়।’

তিনি কারিগরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনতিবিলম্বে প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি সাধারণ স্কুল-কলেজ ও মাদ্রাসাসমূহেও কারিগরি শাখা খোলার পরামর্শ দেন।

দেশে তৃতীয়বারের মতো দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর অক্টোবর মাসে দেশের ১৬২টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় দেড় লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেখান থেকে উঠে এসেছিল নতুন ৮০০ প্রকল্প। ডিসেম্বরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। সেখান থেকে জাতীয় পর্যায়ে এসেছে ৫১টি প্রদর্শনী প্রকল্প। আজ নির্বাচিত হবে টপ তিন প্রকল্প।

এর আগে ‘জাতীয় দক্ষতা প্রতিযোগিতা-২০১৬’-এর উদ্বোধন উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে জাতীয় জাদুঘর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাকরাইলের আইডিইবিতে গিয়ে শেষ হয়। এতে ঢাকাস্থ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মন্ত্রী আইডিইবি ভবনের পঞ্চম তলায় স্টলগুলো পরিদর্শন করেন।

বিকেলে আইডিইবি মিলনায়তনে দক্ষতা প্রতিযোগিতাবিষয়ক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্র জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ