News Bangla 24 BD | দাউদকান্দির টোল প্লাজায় ঈদযাত্রায় ভোগান্তি বাড়ছে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

দাউদকান্দির টোল প্লাজায় ঈদযাত্রায় ভোগান্তি বাড়ছে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে গতকাল সোমবার থেকে টানা যানজট হচ্ছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এজন্য যাত্রীরা মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি টোল প্লাজায় টোল দিতে সময় বেশি লাগা, কিছু চালকের উল্টো পথে চলাসহ কয়েকটি কারণকে দায়ী করেছেন। এগুলোর সমাধান না হলে এই পথে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

এ দুটি সেতু দিয়ে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার যানবাহন ঢাকায় চলাচল করে। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রচুর বাস, গাড়ির পাশাপাশি অসংখ্য মালবাহী যান চলাচল করে। চলে বড় বড় ট্রেইলার।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের। কিন্তু মেঘনা-গোমতী ও মেঘনা সেতু দুই লেনের। ফলে চার লেনের মহাসড়কে যে গতিতে ও যে-সংখ্যক যান চলে, স্বাভাবিকভাবেই সেতুর টোল প্লাজার সামনে এসে সেগুলোর গতি থেমে যায়। টোল আদায়ে ধীরগতির কারণে একটি যান টোল দিয়ে সেতুতে উঠতে উঠতে পেছনে সারির সৃষ্টি হয়। ক্রমে এই সারি দীর্ঘ হতে হতে তীব্র জটের সৃষ্টি করে। এ ছাড়া কোনো যান সেতুতে বিকল হয়ে গেলে তীব্র যানজট হয়। ভোগান্তিতে পড়েন যানচালক, যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। এসব সমস্যা দূর হলে আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষ যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি পৌঁছাতে পারবে।

সর্বশেষ গত রোববার রাত ১১টার দিকে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের মাইজপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার অংশে তীব্র যানজট হয়। এই জট গতকাল সকাল ১০টা পর্যন্ত ছিল। এ সময় জটে অসংখ্য যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হন যানগুলোর চালক ও যাত্রীরা।

হাইওয়ে পুলিশ, যানচালক ও মালিক এবং যাত্রীরা বলেন, যানজটের কারণগুলো হলো সেতুর দাউদকান্দি ওজন পরিমাপক স্কেল ও টোল প্লাজায় টিকিট দিতে ধীরগতি, দালালের দৌরাত্ম্য, টাকা আদায় নিয়ে চালকের সঙ্গে দালালের বাগ্‌বিতণ্ডা, কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস ও বাসেরউল্টো পথে চলা ও এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া, মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো, ঈদ সামনে রেখে ত্রুটিপূর্ণ ও অতিরিক্ত যান চলাচল, মহাসড়কসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া, দাউদকান্দির শহীদনগর, বিশ্বরোড, গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান রেখে চালকদের ঘুমিয়ে থাকা, সকাল নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনের সামনে মহাসড়কে অটোরিকশা রেখে গ্যাস নেওয়া, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দিয়ে অতিরিক্ত মালবাহী যানের ধীরগতিতে চলাচল, সেতুর ওপর বিকল হয়ে পড়া এবং ট্রাফিক আইন না মানা।

রোববার সকাল নয়টায় মহাসড়কের শহীদনগর এলাকায় কথা হয় যানজটে আটকে থাকা ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক কামরুল হাসান, রাজু মিয়া, সালাহ উদ্দিন ও মামুন মিয়ার সঙ্গে। তারা বলেন, এই মহাসড়কে যানজটের মূল কারণ হচ্ছে টোল প্লাজায় ওজন স্কেলের অব্যবস্থাপনা। রাতে দালালেরা টাকা আদায়ের জন্য ওজন কম এমন গাড়িও স্কেলে ঢোকাতে বাধ্য করেন। এ নিয়ে চালকের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডায় স্বাভাবিকভাবেই যানজট তৈরি হয়। দালালদের ৫০০ থেকে ১০০০ টাকা দিলে নিস্তার পাওয়া যায়। টাকা না দিলে দালালেরা চালকদের মারধরও করেন এবং গাড়ির রং নষ্ট করে দেন। রাতে মালবাহী যানের চাপ বেশি থাকায় দালালদের অত্যাচারও বেড়ে যায়। এ কারণে ওজন স্কেল এলাকায় যানজট স্থায়ী রূপ নিয়েছে।

দাউদকান্দিতে সেতুর টোল আদায়কারী এবং ওজন স্কেলের দায়িত্বে রয়েছে সিএনএস নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা এবং তার লোকজনের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের সতর্ক করে দেন। একই সঙ্গে তিনি টোলপ্লাজায় অনিয়ম বন্ধে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও পৌর মেয়র নাইম ইউসুফকে দায়িত্ব দেন।

তারপরেও গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত দাউদকান্দির কানড়া থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত মহাসড়কের আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট হয়। রোববার দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজকেন্দ্রে স্নাতক (পাস) প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিষয়ের ১৪৮ জন শিক্ষার্থীর পরীক্ষা ছিল। যানজটের কারণে গৌরীপুর থেকে এই পরীক্ষা দেওয়ার জন্য ১১৯ জন পরীক্ষার্থীকে চার কিলোমিটার পথ হেঁটে ও দৌড়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেকে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে ঢুকতে পারেন।

পরীক্ষার্থী মাইন উদ্দিন, রবিউল, জয় চন্দ্র সাহা, সুশান্ত চন্দ্র সাহা, মুক্তা ও শারমীন বলেন, তীব্র যানজটের কারণে চার কিলোমিটার পথ হেঁটে তাঁরা পরীক্ষাকেন্দ্রে যান।

জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল বলেন, মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় টিকিট ধীরগতিতে দেওয়ার সমস্যার সমাধান হলে বাকিগুলো হাইওয়ে পুলিশের পক্ষে সমাধান করা সম্ভব।

সূত্র: প্রথম আলো

এ বিভাগের অন্যান্য সংবাদ