‘রায় নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত হওয়ার কারণ নেই’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে উদ্বেগ থাকতে পারে, কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার রাজধানীর পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘রায়ের পর্যবেক্ষণ নিয়ে আমি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছি। আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে প্রধান বিচারপতিকে আমাদের দলের অবস্থান জানিয়েছি। আমি আজ আবার প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী সেই পর্যবেক্ষণের বিষয়ে প্রধান বিচারপতিকে যে বক্তব্য জানিয়েছি—সেটা মহামান্য রাষ্ট্রপতিকেও অবহিত করেছি।’ তিনি বলেন, এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
গত শনিবার রাত আটটার দিকে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে ওবায়দুল কাদের সাক্ষাৎ করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আকাশের মেঘ ক্ষণিকের, সূর্য চিরদিনের। ক্ষণিকের মেঘ কাটিয়া যাবে, চির দিবসের সূর্য উঠিবে আবার।’
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন বাঙালি হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়কে অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক এই বাংলাদেশে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা নিজেদের সেকেন্ড ক্লাস সিটিজেন (দ্বিতীয় শ্রেণির নাগরিক) মনে করবেন না। আপনারা এ দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন (প্রথম শ্রেণির নাগরিক)। এ দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে অধিকার—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার একই অধিকার। তিনি বলেন, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি।’
এ সময় তিস্তার পানিবণ্টন চুক্তি বিষয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে। ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আশ্বাস দিয়েছেন, আমরা তাতে আস্থাশীল। তিনি বলেন, ‘অচিরেই তিস্তা নদীর পানিবণ্টনের চুক্তি সম্পাদন হবে।’
তিস্তার পানিবণ্টন চুক্তি খুব বেশি সমস্যার নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আলাপ-আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা। তিস্তা নিয়ে আমাদের যে প্রাণের দাবি, তা সমাধান ও চুক্তি সম্পাদন হবে। এই আশ্বাস আমি দিতে পারি।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 