ষোড়শ সংশোধনী: রিভিউয়ের প্রস্তুতি নিচ্ছে সরকার
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনিসুল হক বলেন, পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে। আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না। কিন্তু রায়কে শ্রদ্ধা করি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশিত হওয়ার পর সরকারের বিভিন্ন মন্ত্রী, ক্ষমতাসীন দলের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর কথা যেগুলো এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত উগ্র প্রতিক্রিয়ায়, কোনো ভাষায় আদালত অবমাননা না হয়। প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।
সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়েছে। এই রায়, বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা।
এর আগে গত ১০ অগাস্ট এক সংবাদ সম্মেলনে রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদসহ বেশ কিছু বিষয়ে ‘অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক কথা’ এসেছে জানিয়ে তা ‘এক্সপাঞ্জ’ করার উদ্যোগ নেয়া হবে বললেও তখন রিভিউয়ের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি মন্ত্রী।
এবার রিভিউ আবেদনে সেইসব ‘অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক কথা’র বিষয়ে আলোকপাত করা হবে বলে জানান আনিসুল হক। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১ অগাস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।
এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গত ১০ অগাস্টের সংবাদ সম্মেলন আইনমন্ত্রী বলেছিলেন, মামলার ‘ফ্যাক্ট অব ইস্যুর’ সঙ্গে সম্পর্কিত নয় এমন ‘অনেক অপ্রাসঙ্গিক কথা’ প্রধান বিচারপতি তার রায়ে বলেছেন।
রায়ে ‘জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তির’ পাশাপাশি পর্যবেক্ষণে ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই’- এমন বক্তব্যকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বকে অস্বীকার করার চেষ্টা হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ দুপুরে তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের ১৮০ জন দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 