News Bangla 24 BD | কাপাসিয়ায় প্রশ্নপত্র ফাঁস প্রধান শিক্ষক আটক - News Bangla 24 BD
News Head

কাপাসিয়ায় প্রশ্নপত্র ফাঁস প্রধান শিক্ষক আটক


স্টাফ রিপোর্টার : চলমান জেএসসি পরীক্ষায় নিজের মেয়েকে মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস করে সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের নির্দেশে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। মঙ্গলবার পরীক্ষা শুরুর আগে উপজেলার আমরাইদ কারিগরী কলেজ কেন্দ্র (ভ্যানু) থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কৃষি শিক্ষা পরীক্ষা ছিল। বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষিশিক্ষা প্রশ্নপত্র পাওয়া গেলে আটক করা হয়। উপজেলার ১৬টি মাধ্যমিক স্কুল নিয়ে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে এই পরীক্ষার মূল কেন্দ্র । আমরাইদ কারিগরী কলেজ ও ভুলেশ^র হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভ্যানু কেন্দ্র। আমরাইদ কারিগরী কলেজ ভ্যানু কেন্দ্র থেকে ওই প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী অফিসার। নিজাম উদ্দিনের মেয়ে চলতি বছর এই কেন্দ্র থেকে পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছিলেন। ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর এর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শহীদুল্লাহ আজাদ জানান, ওই শিক্ষক পরীক্ষা কেন্দ্র কমিটির কোনো সদস্য নয়; তবে পরীক্ষা শুরু হওয়ার আগে তাঁর মোবাইল চেক করে প্রশ্ন পাওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.মাকছুদুল ইসলাম জানান, বীরউজলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে যাচাই প্রক্রিয়াধীন, ব্যবস্থা নেওয়া হবে।
বীরউজলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন জানান, আমি কাপাসিয়া এসেছি। এ বিষয়ে কথা বলছি। বিদ্যালয় সভাপতি এম এ জলিল জানান, আমি ঢাকা আছি। ঘটনা শুনেছি। মোবাইলে প্রশ্ন পাওয়া গেছে কিন্তু যে প্রশ্ন পাওয়া গেছে সেটা চলমান পরীক্ষার প্রশ্ন নয়। এটা অন্য প্রশ্ন।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই মাহমুদা জানান, একজন শিক্ষক আটক রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান জানান, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন থানায় আটক রয়েছে।
এছাড়া গত রবিবার জেএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যাৃলয় কেন্দ্রের সামনে থেকে ২ কলেজ ছাত্রীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ২টি ও অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার ইয়াসির আরেফিন বলেন, আমি ঘটনা শুনেছি। জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ