News Bangla 24 BD | গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ - News Bangla 24 BD
News Head

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে লিজা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন তেলিহাটির কালার কো লিমিটেড কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম বলেন, শনিবার সকালে তেলিহাটি এলাকায় কালার কো লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করেন। এক পর্যায়ে তারা নিহত শ্রমিকের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে আন্দোলন করতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। শ্রমিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার এই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। বেশ কিছু কারখানায় এই সূত্র ধরে ভাঙচুর চালানো হয়।

প্রসঙ্গত, বুধবার (২৪ জুন) দিবাগত রাতে শ্রীপুরের তেলিহাটি এলাকায় অবস্থিত কালার কো লিমিটেড কারখানায় অসুস্থ এক নারী শ্রমিককে ছুটি না দিয়ে জোরপূর্বক কাজ করানোয় তার মৃত্যু হয়। এমন খবর ছড়িয়ে পরলে পরদিন বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা আশপাশের একাধিক কারখানা ভাঙচুর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ