News Bangla 24 BD | সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল


ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান পদে রদবদল এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. আল ফোরকান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক রইসউদ্দিন। আর অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে দেওয়া হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য করা হয়েছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো.মাসুদ।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নাম ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রাজনৈতিক বিবেচনায় উপাচার্য পদের দায়িত্ব বণ্টন হয়েছে কিনা তা জানতে চাইলে মন্ত্রী বলেন, “একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটা কি তার ডিসকোয়ালিফিকেশন? ইটস নট ডিসকোয়ালিফিকেশন।”

‘সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ ও তা যাচাই-বাছাই করে সর্বোচ্চ কর্মক্ষম’ শিক্ষকদেরই উপাচার্য পদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এহছানুল হক মিলন।

ইউজিসি

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল।

‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে আজ সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর কয়েক ঘণ্টা পর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি।

১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা মামুন আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগে যোগ দেন। ওই বছরই নিহন ইউনিভার্সিটিতে মলিকুলার ভাইরোলজিতে তার পিএইচডি শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ জাতীয়তাবাদী দল সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও হয়েছিলেন। অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ব পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেন তিনি।

বিএনপি সরকার গঠনের ছয় দিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি অধ্যাক নিয়াজ উপাচার্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তবে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে তিনি বিএনপির মনোনয়ন পেতে পারেন বলেও আলোচনা ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর করে ওবায়দুল ইসলাম একই শিক্ষায়তনে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অধ্যাপক ওবায়দুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। দল ক্ষমতায় আসার পর এখন তিনি ভিসি হয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মো. রইছ উদদীন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি এ শিক্ষায়তনের অষ্টম উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব পাওয়া দ্বিতীয় ভিসি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রইছ উদদীন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলেরও নেতৃত্ব দিয়েছেন একসময়। তিনি উপাচার্যের দায়িত্বে অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে উপাচার্যের দায়িত্ব দেয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় রেজাউল করিমকে সরিয়ে রইছ উদদীনকে উপাচার্য করা হল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

অধ্যাপক আল-ফোরকান বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি। উপাচার্যের দায়িত্বে তিনি অধ্যাপক ইয়াহইয়া আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর উপচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার। বিএনপি ক্ষমতায় আসার এক মাসের মাথায় এ পদে আবার পরিবর্তন এল।

নতুন উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান বলেন, “গণমাধ্যম সূত্রে আমি জানতে পেরেছি যে আমাকে ভিসি হিসেবে মনোনীত করা হয়েছে। এটা আমার ওপর নতুন এক দায়িত্ব। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রজ্ঞাপন পাইনি।”

অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে ১৯৯৩ সালের জানুয়ারিতে শিক্ষক হিসেবে যোগ দেন।

যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিকা ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষণার ওপর পিএইচডি করেন তিনি। পরে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে তেলবীজের গুণগত মান উন্নয়ন নিয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ