News Bangla 24 BD | ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড - News Bangla 24 BD
News Head

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড


 ক্রীড়া ডেস্ক :: এক সময় ৭-১ স্কোরলাইন দিয়েই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় রাত উপহার দিয়েছিল জার্মানি। ২০১৪ সালের সেই ব্রাজিল-বধের স্মৃতি এবার যেন নতুন করে ফিরিয়ে আনল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ে ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি। এই জয়ের পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন জার্মানির দখলে। আগে এই রেকর্ড ছিল ব্রাজিলের। ম্যাচে দুটি গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলটিই জার্মানিকে ব্রাজিলকে পেছনে ফেলে দেয়। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় জার্মানি এখন ২৩৯ গোল নিয়ে শীর্ষে। ব্রাজিল ২৩৮ গোল নিয়ে দ্বিতীয়, আর্জেন্টিনা ১৫২ গোল নিয়ে তৃতীয়, ফ্রান্স ১৩৬ গোল নিয়ে চতুর্থ এবং ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম স্থানে আছে। জার্মানি একমাত্র দেশ যারা বিশ্বকাপে চারবার সাত বা তার বেশি গোল করেছে। সর্বশেষ এটি হয়েছিল ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই বিখ্যাত ম্যাচে। জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে। নাগেলসমান এই টুর্নামেন্টের সবচেয়ে তরুণ কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার একেবারে অন্য চেহারায় ফিরেছে। এদিকে কুরাসাও এই বিশ্বকাপে প্রথমবার খেলছে। ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরেছিল তারা। কিন্তু হাভার্টজ ও বাকিরা মিলে আর সুযোগ দেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ