News Bangla 24 BD | ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা


বিনোদন প্রতিবেদক:: অপেক্ষার অবসান। আবারও শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বাংলা ভাষাভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। বাংলা ভাষার প্রতি ভালোবাসা, ভাষাজ্ঞান এবং শুদ্ধ ভাষাচর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সপ্তম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে শনিবার রাজধানীর চ্যানেল আই ভবনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে। একই দিন থেকে শুরু হয়েছে নিবন্ধন, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতেই বিগত ছয় বছরের সফল আয়োজন নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ভাষাবিদ অধ্যাপক মনসুর মুসা। উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। আরও উপস্থিত ছিলেন বিচারকমণ্ডলীর সদস্য কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, নাট্যজন ত্রপা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, উপমহাব্যবস্থাপক ফজলে রাব্বীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবারের বিচারকমণ্ডলীতে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক এবং নাট্যজন ত্রপা মজুমদার। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি পাবেন। এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন ল্যাপটপ, বই এবং বইয়ের আলমারি।
সভাপতির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাঙালির জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষে পদার্পণ করছে। গত বছর সারা দেশ থেকে প্রায় দুই লাখ প্রতিযোগী নিবন্ধন করেছিল। এই সংখ্যাই প্রমাণ করে, আয়োজনটি মানুষের কতটা আপন হয়ে উঠেছে।’ তিনি জানান, ‘বাংলাবিদ’ থেকে উঠে আসা অনেক প্রতিযোগী বর্তমানে চ্যানেল আইসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যমের অনুষ্ঠানে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন। এটিই এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন। সংবাদকর্মী ও দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সপ্তম বর্ষের শুরু থেকেই যদি সবাই আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি, এবার দুই লাখ নয়, তারও বেশি প্রতিযোগী অংশ নিতে আবেদন করবে।’
ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ‘“বাংলাবিদ”–এর সপ্তম বর্ষ নয়, দশম বর্ষ বলতে পারলে আমি আরও বেশি খুশি হতাম । ২০১৭ সালে এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর এবং জাতীয় নির্বাচনের কারণে আরও এক বছর আয়োজন স্থগিত রাখতে হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলা ভাষাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান যে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে পরিণত হবে, তা আমরা শুরুতে কল্পনাও করিনি। কিন্তু আজ সেটাই বাস্তবতা। “ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ” এখন দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত রিয়েলিটি শো ।’
নতুন আসর সম্পর্কে ওমর হান্নান জানান, সংবাদ সম্মেলনের দিন থেকেই নিবন্ধন শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। এরপর দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও কুমিল্লায় বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত ৮০ জন প্রতিযোগীকে নিয়ে ঢাকায় আয়োজন করা হবে স্টুডিও পর্ব, যা সম্প্রচার করবে চ্যানেল আই। তিনি আরও জানান, এবারের ‘বাংলাবিদ’–এর মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি।
এ সময় এই আয়োজনের নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ মানুষ ইবনে হাসান খান ও তাহের শিপনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ওমর হান্নান। তাঁর ভাষায়, ২০১৭ সাল থেকে তাঁরা নিরলস পরিশ্রমের মাধ্যমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’কে আজকের অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পরে প্রধান অতিথি অধ্যাপক মনসুর মুসা আনুষ্ঠানিকভাবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসরের উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত www.banglabid.com.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে। এ ছাড়া দেশের সব বিভাগ ও অঞ্চলের বিদ্যালয়ে প্রতিযোগিতার তথ্য পৌঁছে দেবেন ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর স্বেচ্ছাসেবীরা । বিস্তারিত তথ্য জানা যাবে জাতীয় দৈনিক, চ্যানেল আইয়ের পর্দা এবং ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে।

এ বিভাগের অন্যান্য সংবাদ