যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে
ধর্ম ডেস্ক: নামাজ একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেকেই অভিযোগ করেন— নামাজে মন বসে না, অলসতা আসে কিংবা নামাজ পড়ার ইচ্ছাই জাগে না। এ ধরনের দুর্বলতা দূর করার জন্য ইসলাম শুধু নির্দেশই দেয়নি; বরং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সুন্দর দোয়াও শিখিয়েছে। রাসুলুল্লাহ (সা.) তার প্রিয় সাহাবিকে এমন একটি দোয়া শিখিয়েছিলেন, যা নিয়মিত পাঠ করলে আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক লাভের আশা করা যায়।
যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না, তারা নিয়মিত এই দোয়াটি পড়তে পারেন—
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা আ’ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ: ‘হে আল্লাহ! তোমার স্মরণে, তোমার প্রতি কৃতজ্ঞতায় এবং তোমার সুন্দরভাবে ইবাদত করতে আমাকে সাহায্য করুন।’
এই দোয়াটি নিয়মিত পড়লে, আল্লাহর সাহায্যে নামাজের প্রতি আগ্রহ, মনোযোগ এবং ইবাদতের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পেতে পারে।
রাসুলুল্লাহ (সা.)–এর শিক্ষা
হজরত মু’আয ইবনু জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তার হাত ধরে বলেছিলেন—
يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، فَلَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
‘হে মু’আয! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। তাই তুমি কখনোই প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পড়া ছেড়ে দেবে না— ‘হে আল্লাহ! তোমার স্মরণ, তোমার প্রতি কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে তোমার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন।’ (আবু দাউদ ১৫২২, নাসাঈ ১৩০৩)
কুরআনের নির্দেশ
আল্লাহ তাআলা বলেন—
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই তা বিনয়ীদের ছাড়া অন্যদের জন্য কঠিন।’ (সুরা আল-বাকারা: আয়াত ৪৫)আরও ইরশাদ হয়েছে—
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
‘নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে— যারা তাদের নামাজে বিনয়ী ও একাগ্রচিত্ত।’ (সুরা আল-মু’মিনুন: আয়াত ১–২)
এই দোয়াটি কখন পড়বেন?
রাসুলুল্লাহ (সা.)–এর নির্দেশ অনুযায়ী এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর পড়া সুন্নত। পাশাপাশি দিনের অন্য সময়েও আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চেয়ে এটি পড়া যেতে পারে।
নামাজে মনোযোগ, একাগ্রতা ও ইবাদতের স্বাদ অর্জন মানুষের নিজের শক্তিতে নয়; বরং আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্ভব। তাই নামাজে অলসতা বা অনীহা অনুভব করলে হতাশ না হয়ে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা উচিত। রাসুলুল্লাহ (সা.)–এর শেখানো এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ দোয়াটি নিয়মিত আমল করলে আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক লাভের আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশু-খুজুর সঙ্গে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।

যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে
মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা
আশুরার রোজা কয়টি, কখন রাখবেন
কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল
পানামায় মুসলিম-ইহুদিদের সম্প্রীতির যে চিত্র অনেকেরই অজানা
বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর
চক্ষু শীতলকারী জীবনসঙ্গী লাভের দোয়া
বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? 