News Bangla 24 BD | অভিনীত প্রতিটি চরিত্রই মূল্যবান - News Bangla 24 BD
News Head

অভিনীত চরিত্র একজন শিল্পীকে নানা সময়ে নানাভাবে আলোড়িত করে। চরিত্রের মাঝে তিনি কখনও কখনও নিজেকে আবিস্কার করেন ভিন্নভাবে। একটি চরিত্রের এতই শক্তি যে, তা অভিনয় শিল্পীকে ভাবতে বাধ্য করে তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে। ফারজানা ছবির ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল। সাক্ষাৎকার নিয়েছেন রকিব হোসেন

‘ফিরে দেখা’ শিরোনামের একটি ধারাবাহিকে অন্ধ একজন নারীর চরিত্রে অভিনয় করেছিলেন আপনি। এই কাজটি আপনাকে অনেক আলোচিত করেছিলো, তাই না?
হ্যাঁ, ঠিক তাই। এই নাটকে কাজের আগে আমি অন্ধ চরিত্রের অনেক নাটক দেখেছি। অনেকের অভিনয় দেখেছি অন্ধ চরিত্রে। অন্ধ কল্যাণ সমিতির টিকেট বিক্রি করেন এমন মানুষের সঙ্গেও আমি অন্ধত্বের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই চরিত্রে কাজ করতে গিয়ে আমি নতুন করে অনুভব করলাম আমার শরীরের প্রতিটি অঙ্গই মূল্যবান। অন্ধ চরিত্রে কাজ করতে গিয়ে সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

নায়িকা হওয়ার চেয়ে ভিন্ন চরিত্রে কাজের প্রতি আপনার দুর্বলতা লক্ষ করেছি। অনেকেই তো নায়িকা হতে চায়। আপনি ব্যতিক্রম কেনো?
আমি আসলে সব সময়ই চরিত্র খোঁজার চেষ্টা করেছি। নায়িকা হতে চাইনি কখনো। আমার অভিনয়ের শুরু থেকেই চেষ্টা ছিল বিভিন্ন চরিত্রে কাজের মাধ্যমে নানা মানুষের চরিত্রে নিজেকে খুঁজে নেওয়ার। নায়িকা হওয়ার বিষয়টিকে আমি কখনো পাত্তা দেইনি। আমার মনে হয়, কোনো অভিনয়শিল্পীর মাঝে অভিনয়ের ক্ষেত্রে, চরিত্র চিত্রণের ক্ষেত্রে যদি ফ্লেক্সিবিলিটি না থাকে-তবে অভিনয়শিল্পী হিসেবে অকাল মৃত্যু অনিবার্য।

অভিনয়ের পাশাপাশি আপনি নাটক রচনাও করেছেন। আগামীতে পরিচালনায় আপনাকে দেখা যাবে কী?
আমি এই মুহুর্তে পরিচালনার বিষয়টি মাথায় আনছি না। এরই মাঝে আমার রচিত নাটক যারা পরিচালনা করেছেন, তাদের কাজে আমি সন্তুষ্ট। যদি কখনো আমার মনে হয়, আমার রচিত নাটকটা কেউ একজন ঠিক মতো নির্মাণ করতে পারেননি, তবে হয়তো আমি পরিচালনায় আসব। আর এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে, কেউ একাধিক কাজে নিজেকে জড়িয়েছেন বলে আমাকেও তা করতে হবে আমি সেটা বিশ্বাস করি না।

আপনার অভিনীত পছন্দের কিছু চরিত্রের কথা বলবেন কী?
আমার কাছে নিজের অভিনীত প্রতিটি চরিত্রই মূল্যবান। আমি যখন যে চরিত্রে কাজ করি, সেটাই আমার অনেক পছন্দের। কারণ আমি যদি নিজের অভিনীত চরিত্রটিকে আপন করে নিতে না পারতাম, ওকে ভালবাসতে না পারতাম তাহলে সেই চরিত্রে আমার কাজ করা হয়ে উঠত না। আমি আমার অভিনীত প্রচুর চরিত্রে কাজের জন্য দর্শকদের প্রশংসা অর্জন করেছি। আর তাই বিশেষ কিছু চরিত্রের নাম উল্লেখ করে অন্যগুলোকে অবমুল্যায়ণ করতে চাই না।

এ বিভাগের অন্যান্য সংবাদ