News Bangla 24 BD | মায়ের পথেই মেয়ে - News Bangla 24 BD
News Head

চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি এখন না ফেরার দেশে। জীবদ্দশায় তিনি নিজের প্রতিষ্ঠিত ‘ডিএলডি’ থেকে নাটক-টেলিফিল্ম প্রযোজনা করতেন। কিন্তু নায়িকার অনুপস্থিতিতে এবার প্রতিষ্ঠানটির হাল ধরেছেন তারই কন্যা লামিয়া চৌধুরী। সম্প্রতি এর ব্যানারে লামিয়া যৌথভাবে একটি নাটক পরিচালনা করেছেন। নাটকটির শিরোনাম ‘দুই পুতুলের গল্প’। এতে অভিনয় করেছেন লাক্স তারকা বাঁধন, নাঈম ও কল্যাণ কোরাইরা। লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মু নেই, কিন্তু আম্মু কষ্ট করে তার নিজের প্রযোজনা সংস্থা ডিএলডি’কে দাঁড় করিয়েছেন। আমি চেষ্টা করবো তার প্রযোজনা সংস্থাকে টিকিয়ে রাখতে। এর প্রাথমিক চেষ্টা হিসেবে আমি এবং আদিত্য জনি যৌথভাবে ডিএলডি থেকে দুই পুতুলের গল্প নাটকটি নির্মাণ করেছি। শিগগিরই এককভাবে নির্দেশনায় আসছি। সবার কাছে দোয়া চাই, যেন আম্মুর প্রযোজনা সংস্থা থেকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারি।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘দুই পুতুলের গল্প নাটকের মূল বিষয়বস্তুটি আমার কাছে ভালো লেগেছে। চিৎকার, চেঁচামেচি, রাগারাগী দাম্পত্য জীবনের সমাধান হতে পারে না। দিতি আপার নির্দেশনায় আমি কাজ করতে পারিনি। কিন্তু সহশিল্পী হিসেবে কাজ করেছি। লামিয়ার চিন্তা ভাবনা আধুনিক। তাকে সবাই যদি সহযোগিতা করি, তাহলে দেশের প্রথম সারির একজন পরিচালক হিসেবে লামিয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’ বাঁধন বলেন, ‘দিতি আপু নেই, এখনো তা ভাবলে কষ্ট পাই, চোখে পানি চলে আসে। দিতি আপু নেই, কিন্তু তার বাসায় শুটিং করছি। প্রতিমুহুর্তে তাকে অনুভব করছি। মাঝে মাঝে মনে হচ্ছিলো এই তো কিছুক্ষণ পরই তিনি ঘর থেকে বের হয়ে আমাকে বুকে জড়িয়ে নিবে।’

আমরা সবাই চাই ডিএলডি যেন দাঁড়িয়ে থাকে। কারণ ডিএলডি দিতি আপুর অনেক কষ্টে গড়া প্রতিষ্ঠান।’ লামিয়া চৌধুরী আরও জানান, চলতি মাসের শেষদিকে তিনি এককভাবে ‘আয়েশা’ নামক একটি ধারাবাহিক নির্মাণের কাজ শুরু করবেন। এই ধারাবাহিকটিও নির্মিত হবে ‘ডিএলডি’ থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ