চিত্রনায়িকা কেয়া কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। কোকোলা পিনাট বিস্কুটের এই বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দেন কল্লোল। বিজ্ঞাপনটিতে বেশ সাবলীল উপস্থিতি ঘটেছে কেয়ার। এদিকে, নতুন বছরে নতুন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন এ নায়িকা। ছবির নাম ‘শিরোনামে তুমি’। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন কেয়া। বলতে গেলে নতুন বছরে নতুন এক কেয়াকে দেখতে পাবেন দর্শকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ ছিল। কিছুদিনের মধ্যেই সব টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে। আর আশা করছি, নতুন বছরে মুভি প্ল্যানেটের ব্যানারে ‘শিরোনামে তুমি’ শিরোনামের ছবির কাজ শুরু করব। এ ছবিতে আমার বিপরীতে থাকছেন সাইমন সাদিক। সবশেষ তার সঙ্গে ‘ব্ল্যাকমানি’ ছবিতে কাজ করেছিলাম। ছবির গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। এর গল্প লিখেছেন মুজতবা সউদ।’ শিরোনামে তুমি’ ছবিতে আরো একজন নবাগত নায়িকাও কাজ করবেন। তার নাম তানুশা এ্যানা। উল্লেখ্য, চিত্রনায়িকা কেয়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। শুরুতেই নায়ক হিসেবে পান চিত্রনায়ক রিয়াজ ও আমিন খানকে। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করলেও হঠাৎই চলচ্চিত্র থেকে হারিয়ে যান তিনি। বছরখানেক আগে অবশ্য আবারও ফিরেছেন চলচ্চিত্রে, তবে কাজ করছেন কম। সবশেষ মুভি প্ল্যানেটের ব্যানারে কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে অভিনয় করেন। গত বছরের ৭ আগস্ট ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার নায়ক হিসেবে কাজ করেন সাইমন সাদিক।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 