News Bangla 24 BD | চুমকীর নাটকে তিন নায়িকা - News Bangla 24 BD
News Head

প্রথমে অভিনেত্রী হিসেবে নন্দিত হয়েছেন নাজনীন হাসান চুমকী। এরপর নাটক রচনা করেও তিনি সাফল্য পেয়েছেন। মাঝে পরিচালনায় নেমেছেন গুণী অভিনেত্রী। এই ধারার কাজেও মুন্সিয়ানা দেখিয়েছেন চুমকী। ফের নতুন একটি ধারাবাহিক নির্মাণ করছেন এই তারকা। প্রকাশিতব্য স্যাটেলাইট চ্যানেল ‘বাংলা টিভি’র জন্য নির্মাণাধীন এ ধারাবাহিকটির শিরোনাম ‘তিলোত্তমা-ত’।

এটি রচনাও করেছেন চুমকী। নাটকে তার পরিচালনায় তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হৃদি হক, তানজিকা আমিন এবং নাদিয়া মিম। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দিল আফরোজ চরিত্রে হৃদি হক, টেলিভিশন মিডিয়ার একজন সাংবাদিক প্রিয়া গমেজের চরিত্রে তানজিকা আমিন এবং একজন তথ্যচিত্র নির্মাতা আশালতা পর্ণার ভূমিকায় দেখা যাবে লাক্স তারকা নাদিয়া মিমকে।

চুমকী বলেন, ‘মেট্রোলাইফের গল্প নিয়েই মূলত আমার নতুন ধারাবাহিক নির্মাণ করছি। একটি মামলাকে কেন্দ্র করেই দিল আফরোজ, প্রিয়া গমেজ এবং আশালতা পর্ণার প্রথম দেখা হবে। এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। নাটকে সবাই নিজেদের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। নির্দেশক হিসেবে তাদের কাজে আমি তৃপ্ত।’

হৃদি হক বলেন, ‘এর আগে আমার নির্দেশনায় অনেক নাটকে অভিনয় করেছেন চুমকী। সত্যি বলতে কী, এই সময়ে এসে মঞ্চ এবং সাংগঠনিক কাজে আমি এতোটাই ব্যস্ত হয়ে উঠেছি যে, টিভি নাটকে সময় দেয়া হয়ে ওঠে না। চুমকীর সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব ভালো। সেই ভালোলাগা, বোঝার বহিঃপ্রকাশই ঘটছে তার নির্দেশিত নাটকে। যেহেতু অভিনয় আমার রক্তে মিশে আছে। তাই চুমকীর নির্দেশনায় কাজটি করছি এবং বেশ উপভোগ করছি।’

নাদিয়া বলেন, ‘এককথায় স্ক্রিপ্টটা অসাধারণ। যে কারণে এই ধারাবাহিকে বেশ আগ্রহ নিয়ে কাজ করছি। তাছাড়া চুমকী আপু আমাকে খুব স্নেহ করেন। তাই তার ইউনিটে বেশ আন্তরিকতা নিয়ে কাজ করছি। একজন অভিনেত্রীই যখন নির্দেশক হিসেবে কাজ করেন, তখন শিল্পীদের নানা সমস্যাকে খুব সহজে নিজের মনে করেই সমাধান দিয়ে কাজটি আদায় করে নেন। চুমকী আপু নির্মাতা হিসেবে সেই দক্ষতারই পরিচয় দিয়েছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ