ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল
ফিচার ডেস্ক : তখনো সন্ধ্যা নামেনি। বাকি আছে ঢের। এর মধ্যে নানান প্রজাতির ফুল তাদের প্রকাশিত সৌন্দর্য মেলে ধরেছে প্রকৃতির বুকে। সে দৃশ্যগুলো বড়ই মনোমুগ্ধকর! এক ফুল থেকে অন্য ফুলের দিকে অনায়াসে চলে যায় দৃষ্টি।
যদি বলা হয়- এটা ফুলেদের মিলনমেলা! তবুও কম বলা হবে না। নানা রঙের নানা বৈচিত্র্যের ফুল বিস্তার করে ছিল সেই বৈকালিক শোভা। তেমনভাবে সুপরিচিত নয়, এমন ফুলেরাই দৃষ্টি আকর্ষণ করে আগে থেকেই জানান দিয়েছে তার চিরশোভার অবয়ব। কোনোটা রঙের গাঢ় উজ্জ্বলতায় রাঙা। কোনোটা আবার অপূর্বভাবে প্যাঁচানো-বাঁকানো! অদেখা এসব ফুলের পেছনে কিছুটা সময় কাটাতে কাটাতেই সার্থক হয়ে ধরা পড়েছিল পহেলা আষাঢ়ের বিকেল।
ফুলে ফুলে সুসজ্জিত এই প্রেক্ষাপট উপভোগ করতে করতে চোখ চলে যায় অনতিদূরের ছোট ছোট বাড়িগুলোর দিকে। কাঠ আর বাঁশের তৈরি ছোট ছোট বাড়িগুলো টিলাঘেঁষে দাঁড়িয়ে আছে বিচিত্র ভঙ্গিমায়। টিলার ভাঁজে ভাঁজে ছড়ানো বলে কাঠ-বাঁশের বাড়ি, ফুল আর বিচিত্র পাখির গান!
সোমবার (১৫ জুন) চায়ের রাজধানী শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রাঙ্গণে বিচিত্র ফুল আর মৌসুমি ফল উৎসবে বিকেলটা পূর্ণ হয়ে উঠেছে। এখানেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজন করা হয় পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক মুক্ত আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল মাহমুদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মো. এহসানুল হক এবং এস কে দাস সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শান্তিবাড়ি ইকো রিসোর্টের স্বত্বাধিকারী তানভীর সরকার লিংকনের উদ্যোগে আয়োজিত ‘মৌসুমি ফল উৎসব-২০২৬’-এ অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফল উপভোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তানভীর সরকার লিংকন বলেন, “প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সাল থেকে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।”
তিনি জানান, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রিসোর্টে ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক একটি সিগনেচার বোর্ড স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে স্বাক্ষর করছেন।
তানভীর সরকার আরও জানান, আগামী ২৬ জুন রিসোর্টের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণবিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এতে প্রকৃতি ও পরিবেশবিষয়ক দেশের খ্যাতনামা লেখক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।
আলোচনায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা বলেন, “বায়ুদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য, বন উজাড়, পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে। পরিবেশ সংরক্ষণ এখন শুধু প্রকৃতি রক্ষার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও টেকসই উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।”
তারা আরও বলেন, “দূষণ কমাই, গাছ লাগাই, বন রক্ষা করি, পাহাড় ধ্বংস বন্ধ করি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলি”— এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে অতিথিরা রিসোর্ট এলাকায় রোপণ করা বিভিন্ন প্রজাতির ফুল, ফলদ ও বনজ বৃক্ষ পরিদর্শন করেন। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ শতাধিক প্রজাতির বৃক্ষরোপণের তথ্য তুলে ধরেন। অতিথিরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে শান্তিবাড়ি ইকো রিসোর্টের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের সব স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল
শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি
প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
পানি সংরক্ষনের উপায়
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসুচীতে গাজীপুরের পাঁচ জয়িতা
ধন্যবাদের দেশে
ঝিনাইদহের অধিকাংশ নদ-নদী সংস্কারের অভাবে এখন মরা খাল,দেখার যেন কেউ নেই! 