একদিন-দু’দিন করে ফুরিয়ে এলো সময়। প্রাণের মেলা অমর একুশে বইমেলার শেষ দিন আজ। ভাষা শহিদদের স্মরণে এক মাসের বইমেলায় যে প্রাণের জোয়ার ছিল সেই মিলনমেলা ভাঙবে আজ। পুরো ফেব্রুয়ারি মেলা ঘিরে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ছিল উৎসবের আমেজ। শেষ দিনে আজ মেলার দ্বার খুলবে ৩টার পরিবর্তে বেলা ১১টায়, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। যারা এখনও প্রিয় লেখকের বইটি সংগ্রহ করতে পারেননি সেটি সংগ্রহ করবেন আজ। অনেকে বাড়ি ফিরবেন ব্যাগ ভর্তি বই হাতে।
প্রকৃতিজুড়ে এখন ফাগুনের বন্দনা। ক্ষণে ক্ষণে ভেসে আসে কোকিলের কুহুতান। এমনই সময়ে সোমবার বইমেলার ২৭তম দিনে দেখা গেছে উপচে পড়া ভিড়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, স্টলগুলোতে বিক্রয়কর্মীদের দম ফেলার সময় নেই। সোহরাওয়ার্দী উদ্যানে উপচে পড়া ভিড় হলেও পিছিয়ে নেই বাংলা একাডেমি প্রাঙ্গণও। ছুটির দিনের মতোই ভিড় পুরো মেলা প্রাঙ্গণে।
আগামীর স্টলের সামনে ভিড় দেখে এগোতেই দেখা গেল ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগকে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটি পাঠকদের উপহার হিসেবে দিচ্ছেন। এ বিষয়ে জিজ্ঞেস করতেই তিনি বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি খুবই জরুরি। আমি প্রধানমন্ত্রীর সেই কথাটি মাথায় রেখেই সাধারণ মানুষের মধ্যে বই উপহার দিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে, এটি দেখে যেন আরও মানুষ বই কিনতে উৎসাহিত হন।
বিকালে অন্যপ্রকাশের সামনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর লেখা ‘গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা প্রেক্ষিত : বাংলাদেশ’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ড. আনোয়ার হোসেন, ডা. অরূপ রতন চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, পিআইডির মহাপরিচালক শাহ আলমগীর, বইটির প্রকাশক জ্ঞান ও সৃজনশীল প্রকাশনীর সভাপতি ও অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।
এদিন মেলায় আরও এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
মেলায় হুমায়ুন আজাদকে স্মরণ : বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকী উপলক্ষে একুশে গ্রন্থমেলায় সোমবার বিকালে তাকে স্মরণ করা হয়। লেখক-পাঠক-প্রকাশকদের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলা একাডেমির তথ্য কেন্দ্রের সামনে আয়োজিত এ সভায় মূল বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সুভাষ সিংহ রায়, মারুফ রসূল প্রমুখ। সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি। বক্তারা বলেন, হুমায়ুন আজাদ হত্যা চেষ্টার বিচার অবিলম্বে বাস্তবায়ন এবং তার আদর্শে মৌলবাদ-জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতামুক্ত সমাজ-রাষ্ট্র গঠনের মাধ্যমে তাকে স্মরণ করতে হবে।
এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা : ঘোষণা করা হয়েছে এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার। সোমবার মেলায় চ্যানেল আইয়ের ‘বইমেলা সরাসরি’ অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। এ বছরের পুরস্কারপ্রাপ্তরা হলেন- ‘রাত দুপুরে’ গ্রন্থের জন্য ইমদাদুল হক মিলন (অনন্যা), ‘দ্বীপের নাম জলপায়রা’ গ্রন্থের জন্য আলী ইমাম (আলোঘর) এবং ‘মজার পড়া ৫০ ছড়া’ গ্রন্থের জন্য সোহেল মল্লিক (রাতুল গ্রন্থ প্রকাশ)।
১১ মার্চ দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
নতুন বই : একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার মেলার ২৭তম দিনে নতুন ১৫৫টি বই এসেছে। অবসর থেকে প্রকাশ হয়েছে হরিশংকর জলদাসের ‘অর্ক’, ঐতিহ্য থেকে সাবিদিন ইব্রাহীম অনূদিত ‘সান জু দ্য আর্ট অব ওয়ার’, বিপ্রদাশ বড়–য়ার ‘সাদা কফিন ও মুক্তিযোদ্ধারা’, ধ্রুপদ থেকে শরীফ আতিক-উজ-জামানের ‘পুনশ্চ রবীন্দ্রনাথ’, বাংলালিপি থেকে শামসউজজোহার ‘বাবার পাঞ্জাবি’, কথাপ্রকাশ থেকে আহমেদ রফিকের ‘রাজনীতির বিধি প্রসঙ্গ’, অন্যপ্রকাশ থেকে সৈয়দ শামসুল হকের ‘ক্ষুধাবৃত্তান্ত’, বেহুলা বাংলা থেকে ধ্রুব এষের ‘মামানিয়া’, আগামী প্রকাশনী থেকে মামুন রশীদের ‘অর্থনীতির বিজয়’, দেশ পাবলিকেশন্স থেকে লাবণ্য লিপির ‘বুকের ভেতর বৃষ্টি নামে’।
মেলামঞ্চের আয়োজন : সোমবার বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের প্রকাশনা : গ্রন্থ পরিকল্পনা ও সম্পাদনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তারিক সুজাত। আলোচনায় অংশগ্রহণ করেন মফিদুল হক, বদিউদ্দিন নাজির এবং খান মাহবুব। সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রকাশক মহিউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল প্রবীর দত্তের নির্দেশনায় এবং গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিবেশনায় নাটক ‘মুনীর চৌধুরী’।
আজকের অনুষ্ঠান : আজ বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বহুত্ববাদী সমাজ ও ফোকলোর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান। এতে কবি শামীম আজাদ ও লেখক অনুবাদক নাজমুন নেসা পিয়ারিকে বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার-২০১৬ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন গুণীজন পুরস্কারও প্রদান করা হবে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 