সড়ক দুর্ঘটনায় তিন জেলায় প্রাণ গেলো ৫ জনের
শেরপুর, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
শেরপুর:
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের হাজীপুর এলাকায় শুক্রবার বেলা একটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, এইচ এন পরিবহন নামের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে বগুড়ামুখী ট্রাকটি খালি ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে একজন মারা যান।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের কোনাবাড়ীর সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসগর আলী। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাহার পরিবহন নামের একটি বাসের সঙ্গে ও সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে টাঙ্গাইলগামী জ্বালানি তেল বোঝাই লরির সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আসগর আলী মারা যান।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি থ্রিহুইলার খাদে পড়ে এর চালক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের চরপ্রসন্নর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই চালকের নাম নুরুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, নতুন থ্রিহুইলার কিনে নিজে চালিয়ে স্ত্রীকে নিয়ে পটুয়াখালী নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন নুরুল। এ সময় কোনো গাড়ি থ্রিহুইলারটিকে পেছন থেকে ধাক্কা দিলে এটি খাদে পড়ে যায়।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত 