গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়ায় সোমবার রাতে মাল্টি ফ্যাবস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে । আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আল আমিন (৩০)। বাড়ি কাশিমপুরের নয়াপাড়ায়। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী স্টেশনের কর্মীরা সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
তিনি আরো জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার চারতলা ভবনের একাংশ ধসে পড়ে। বিস্ফোরণের পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরন করেন।
স্থানীয়রা জানান, ঈদের ছুটির পর কারখানাটি মঙ্গলবার খোলার কথা ছিল। তবে সোমবার ডাইং ইউনিটের বয়লার সেকশনটি চালু ছিল। নিচতলায় প্রায় ৩৫-৪০ জন শ্রমিক কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ করে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটলে চারতলা ভবনের নীচতলা ও দোতলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রপাতি বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ সময়
কারখানার সামনের রাস্তা দিয়ে চলাচলরত মানুষ আহত হন। বিস্ফোরণের ফলে আশপাশের কারখানার ভবনগুলো কেঁপে ওঠে এবং দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। এতে আশপাশের শ্রমিক এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ওই এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাশ জানান, বিস্ফোরণের ঘটনায় রাত ১০টা পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় রোকন মিয়া (২৫) নামের এক শ্রমিককে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এ ছাড়া মঙ্গলবার সকালে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের মধ্যে ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। এদিকে মঙ্গলবার সকালে আরো এক জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে ওই বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। নিহতরা সবাই পুরুষ। এ ছাড়া আহত হয়েছেন অন্তত অর্ধশত।
নিহতদের মধ্যে আটজনের লাশ রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। অপরজনের মৃত্যু হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার লাশ ঢামেক মর্গে রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা নিহতরা হলেন- মাগুরার শালিখা থানার গোবরা গ্রামের আইয়ুর আলী সর্দারের ছেলে কারখানার ফায়ারম্যান আল আমিন হোসেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর থানার কুন্ডা গ্রামের সাগর আলী মীরের ছেলে কারখানার সহকারি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, রাজবাড়ির গোয়ালন্দ থানার চরকাসনন্দ এলাকার মনিন্দ্র নাথের ছেলে বিপ্লব চন্দ্র শীল, বগুড়ার সোনাতলা থানার নামাজখালি গ্রামের শাহার আলীর ছেলে কারখানার বয়লার অপারেটর মাহবুবুর রহমান, চট্টগ্রামের মীরসরাই থানার বনসুন্দর গ্রামের কারখানার বয়লার ইনচার্জ আব্দুস ছালাম, চাঁদপুরের সদরের মদনা গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে গিয়াস উদ্দিন ছৈয়াল।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসান জানান, এ ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আর দুইজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- এরশাদ ও মনসুর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ওই দুর্ঘটনায় সোমবার রাতে এ হাসপাতালে সোলাইমান (৩০) মারা যান। তিনি বগুড়ার গাবতলী থানার মরিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সোমবার রাত সোয়া ৭টার দিকে নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরিত হয়।
গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না
গাজীপুরে যে বয়লারটি বিস্ফোরিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, নয় দিন আগেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন। জেলার কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের ওই কারখানার বয়লার সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশে এক থেকে দোতলা পর্যন্ত ধসে পড়ে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহত আরও অন্তত ৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিস্ফোরণের পর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করার কথা জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে প্রধান করে গঠিত আট সদস্যের এ কমিটি মঙ্গলবার সকালে কাজ শুরু করে। রায়হানুল জানান, আমরা সাতটি কারণ সামনে রেখে তদন্ত কাজ শুরু করেছি। “তদন্তের শুরুতে কাগজপত্র দেখে জানতে পেরেছি, ওই বয়লারটির রিনিউ করার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২৪ জুন। তবে এ জন্যই যে বয়লারটি বিস্ফোরিত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেননি বলে তিনি জানান।
কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ, শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস, বয়লার পরিদর্শক, কলকারখানা পরিদপ্তর, বিজিএমইএ এবং গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা। এ কমিটিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ দিতে বলা হয়েছে সাত কার্যদিবসের মধ্যে।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার ও সিভিল ডিফেন্সের (ঢাকা) সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষকে প্রধান করে আরও একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান। এ কমিটিও মঙ্গলবার সকালে তদন্ত কাজ শুরু করেছে বলে দীলিপ কুমার জানালেও তিনি তদন্ত শেষ হওয়ার আগে কোনো কথা বলতে রাজি হননি। তিন সদস্যের এই কমিটিকেও সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 