চায়ের দোকান ও হোটেলে চলন্ত ট্রাক ঢুকে নিহত ২
নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুরে একটি চলন্ত ট্রাক এক চায়ের দোকান ও খাবার হোটেলে ঢুকে পড়েছে। এ সময় ট্রাকের চাপায় ঘুমন্ত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটায় শ্রীরামপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নূর ই আলম ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে চারটার দিকে হাটিকুমরুল থেকে বনপাড়া অভিমুখে মাছবোঝাই একটি চলন্ত ট্রাক আচমকা নূর ই আলম ফিলিং স্টেশনের পাশের একটি চায়ের দোকান ও খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘুমিয়ে থাকা চায়ের দোকানদার শাহ মাহমুদ (৫৫) ও হোটেলের কর্মচারী হাছেনা বেগম (৪৮) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন হোটেলের কর্মচারী শাহীন আলী (২০)। বিকট শব্দ শুনে ফিলিং স্টেশনের লোকজন এসে আহত শাহীনকে নাটোর সদর হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যান।
নিহত শাহ মাহমুদ বড়াইগ্রামের শ্রীরামপুরের দেছের আলীর ছেলে এবং হাছেনা বেগম একই উপজেলার কায়েম কোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী। আহত শাহীনের বাড়ি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম সামস উন নুর জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হোটেল থেকে বের করে আনার কাজ শুরু করে। সকাল নয়টায় ট্রাকটি বের করে নিয়ে আসা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটির চালক ও সহকারী পালিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
চালক ঘুমিয়ে পড়ে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে বলে হাইওয়ে পুলিশের ধারণা।

গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 