ঘুষসহ গ্রেপ্তার নৌপরিবহনের প্রধান প্রকৌশলীর রিমান্ড আবেদন
৫ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ড. এস এম নাজমুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করেছে দুদক।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ এ রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন বলে দুদক সূত্রে জানা গেছে।
রিমান্ড আবেদনে বলা হয়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নগদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না তা জানার জন্য জেল-হাজতে আটক নাজমুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর নাজমুল হকের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানান। এরপর দুদক সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়। এর অংশ হিসেবে ১২ এপ্রিল বিকেল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা রাজধানীর সেগুন রেস্তোরাঁয় বসে যখন নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওঁত পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন।
একই ভাবে গত বছরের ১৮ জুলাই নৌপরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামকে ঘুষসহ গ্রেপ্তার করেছিল দুদক।

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী 