News Bangla 24 BD | গাজীপুরে মাদ্রাসা ছাত্র ও গৃহবধু খুনের ঘটনায় পরিচালক আটক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে মাদ্রাসা ছাত্র ও গৃহবধু খুনের ঘটনায় পরিচালক আটক


 গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার একটি মাদ্রাসায় মঙ্গলবার ভোরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলো হুফ্ফাজুল কোর-আন মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার (২১) ও নুরানী বিভাগের ছাত্র মো. মামুন (৮)। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে চান্দনা এলাকায় জোড়া খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের বসত ঘরে লাশ দুইটি পড়েছিল। মাহমুদার গলায়, গালে ও কানে এবং মামুনের ঘাড়ে, মাথায় ও পিঠে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি দা ও দা ধার দেওয়ার কাজে ব্যবহৃত একটি কাঠের খন্ড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, প্রায় দুই বছর ধরে ইব্রাহিম ওই কোর-আন হেফজ’র মাদ্রাসা পরিচালনা করছেন। মাদ্রাসার একটি কক্ষেই স্বপরিবারে বসবাস করেন তিনি। তিনি নিজেও ছাত্রদের কোর-আন শিক্ষা দেন। এছাড়া ইব্রাহিম মাদ্রাসার পাশে কৃষিপল্লী জামে মসজিদের ইমামতি করেন।
আটক ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী মাহমুদা এবং তার দুই সন্তান হুযায়ফা (৫) ও আবু হুরায়রাকে (৩) বসত ঘরে রেখে তিনি পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে যান। নামাজ শেষে ঘরে ফিরে বিছানার উপর স্ত্রী মাহমুদা এবং দরজার কাছে মামুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে তিনি আর কিছুই জানেন না।
বাসন থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই আল আমিন মাদ্রাসার ছাত্র সাব্বিরের বরাত দিয়ে জানান, সোমবার রাতে হুজুরকে (ইব্রাহিমকে) উদ্ধার হওয়া দা টি ধার দিতে দেখেছে। আর মঙ্গলবার ভোরে ফজরের নামাজে যাওয়ার আগে সাব্বিরকে দিয়ে নিহত মামুনকে মাদ্রাসার অন্য কক্ষ থেকে হুজুরের কক্ষে ডেকে পাঠায়।
নিহত মাহমুদার বাবা মো. হানিফ গাজী জানান, তার বাড়ি চাঁদপুর সদরে। ৬ বছর আগে ইব্রাহিমের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। এটি যে ইব্রাহিমের দ্বিতীয় বিয়ে তা তারা জানতেন না। ৬/৭ মাস আগে তার আগের বিয়ের খবর জানতে পারেন তারা। ২০১০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয় ইব্রাহিমের। কয়েক মাস আগে প্রথম স্ত্রী ইব্রাহিমকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। মাহমুদার সঙ্গে ইব্রাহিমের দাম্পত্য সম্পর্ক খারাপ ছিলনা।
নিহত ছাত্র মামুনের মা আসমা জানান, সে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাড়াবাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকুরি করেন। প্রায় এক বছর ধরে মামুন ওই মাদ্রাসায় লেখা পড়া করছে। শনিবার মামুন মাদ্রাসার বেতন ও হোস্টেলের খরচের টাকার জন্য রাজেন্দ্রপুরে মায়ের কাছে গিয়েছিল। পরে মা রোববার বিকেলে টাকাসহ মামুনকে মাদ্রাসায় দিয়ে যান। সোমবার রাত ৯টার সময় মামুনের সঙ্গে সর্বশেষ মায়ের কথা হয়। তখনও এ ধরণের ঘটনা ঘটতে পারে এমন কোন আলামত বুঝতে পারেননি তিনি।
বাবা শাহিদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হুজুরের মোবাইল থেকে তাকে কল করা হয় এবং তাকে দ্রুত মাদ্রাসায় আসতে বলে মোবাইল ফোনের লাইনটি কেটে দেয়। তবে কণ্ঠটি হুজুরের মনে হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও গাজীপুর সিটির ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটানাস্থল পরিদর্শণ করেছেন। এছাড়া গাজীপুর মেট্রো পুলিশ, র‌্যাব, সিটি ডিবি, পিবিআই, সিআইডির ক্রাইম সিনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিয়েছেন এবং তদন্ত করছেন। মাদ্রাসা কক্ষে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ শেষে বাসন থানা পুলিশ ইব্রাহীমকে আটক করে থানায় নিয়ে গেছে।
মেট্রোপলিটন কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে। আমি আশা করছি খুব দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘটিত হবে। প্রাথমিকভাবে কিছু সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। ওই সম্ভাবনাকে সামনে রেখেই ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ