কাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত
টঙ্গী প্রতিনিধি : এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আসগারের মধ্যদিয়ে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিনের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়, তাঁর বয়ান বঙ্গানুবাদ করেন মাওলানা মুফতি আজিম উদ্দিন। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা মুফতি রিয়াসত, তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আব্দুল্লাহ মনসুর। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মোশাররফ হোসেন। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা জামশেদ, তাঁর বয়ান বাংলায় ভাষান্তর করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।
বহুল কাঙ্খিত আজকের আখেরি মোনাজাত দিল্লি মারকাযের মুরুব্বি মাওলানা জামশেদ পরিচালনা করার কথা রয়েছে। আখেরি মোনাজাতে শরিক হতে মুসল্লিদের ঢল এখন ময়দানমুখি। চিল্লাধারী সাথী ছাড়াও আশপাশ এলাকার মুসল্লিরা ময়দানেদিকে ছুটছেন। মোনাজাতের দিন ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া সব আন্ত:নগর ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে। এছাড়া বিআরটিসি শতাধিক বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।
বয়ানে যা বলা হলো : গতকাল বয়ানে মদিনা নিবাসী মাওলানা মুফতি ওসমান বলেন, ইজতেমা ওয়ালাদের কাজ হলো পরিপূর্ণভাবে দ্বীনের দাওয়াতের কাজ করা। নবী করিম (সা.) দাওয়াতের মেহনতের জন্য মদিনা মনোয়ারা ছেড়ে হিজরত করেছিলেন। তারপর আবার নিজ এলাকায় এসে দাওয়াতের কাজ জিন্দা করেছিলেন। নবী করিম (স.) যেভাবে মেহনতের মাধ্যমে দ্বীনকে জিন্দা করেছিলেন। আমরাও ইজতেমা থেকে শিক্ষা নিয়ে দ্বীনের কাজে বেরিয়ে যাবো, যাতে দ্বীনকে দুনিয়ার বুকে জিন্দা রাখা যায়। দাওয়াতের মাধ্যমে ইমানওয়ালা জিন্দেগী, আমলওয়ালা জিন্দেগী ও সত্য ও সুন্দর জিন্দেগী তৈরি করতে হবে। তিনি আরও বলেন, দুনিয়ার জিন্দেগী অনিশ্চিত জিন্দেগী, অক্ষম জিন্দেগী। দুনিয়ার জিন্দেগী হলো ধোকার জিন্দেগী। আখেরাতের জিন্দেগী হলো চিরস্থায়ী জিন্দেগী। অবশ্যই প্রত্যেক মানুষকে আখেরাতের জিন্দেগীতে যেতে হবে। প্রত্যেক মানুষকে দুনিয়ার জিন্দেগী ছেড়ে যেতে হবে। এতে কোন রকমের সন্দেহ নেই।
তাশকিল কামরা : ময়দানের উত্তর-পশ্চিম কোণে করা হয়েছে তাশকিলের কামরা। ময়দানের খিত্তাগুলো থেকে চিল্লায় নাম লেখানো ধর্মপ্রাণ মুসল্লিদের জামাতবন্দী করে তাশকিলের কামরায় জায়গা করে দেওয়া হচ্ছে। আখেরি মোনাজাত শেষে এসব মুসল্লিরা ঢাকার কাকরাইল মসজিদে গিয়ে রিপোর্ট করে তাবলীগের মুরুব্বিদের দিক-নির্দেশনা অনুযায়ী জামাতবন্দী হয়ে দ্বীনের দাওয়াতি মেহনতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বেন। এসব জামাতবন্দিদের মধ্যে ৪০দিন, ৩ মাস, ৬ মাস, ১ বছর ও আজীবন চিল্লাধারি মুসল্লিরা রয়েছেন। তারা বর্হিবিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করবেন।
আখেরি মোনাজাতে যানবাহন চলাচলে নির্দেশনা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.আনোয়ার হোসেন বলেন, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা রয়েছে। এছাড়া যান চলাচলেও কিছু নিয়ন্ত্রণ থাকবে। শনিবার মধ্যরাতের আগেই ঢাকা থেকে আসা যানবাহনগুলোকে আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া অভিমুখে পাঠিয়ে দেওয়া হবে। ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া চৌরাস্তা এবং সিলেট থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে টঙ্গীর নিমতলীতে আটকে দেওয়া হবে।
পুলিশ কমিশনার আরো বলেন, ইজতেমায় যোগ দেয়া বৃদ্ধ মুসল্লিদের যাতায়াতের জন্য শাটল বাসের ব্যবস্থা থাকবে। ইজতেমাস্থল থেকে চৌরাস্তামুখী ৩০টি এবং মহাখালীমুখী ৩০টি বাস চলাচল করবে।
তিনি বলেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভাল রয়েছে। আশা করছি বাকি সময়টুকুও সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে।
আয়োজক কমিটির বক্তব্য : ইজতেমা আয়োজক কমিটির জিম্মাদার প্রকৌশলী শাহ মো. মুহিবুল্লাহ বলেন, ময়দানে আইনশৃংলা বজায় থাকায় পরিচ্ছন্নভাবে বিশ্ব ইজতেমা পালিত হচ্ছে। ময়দানে আগত দেশ-বিদেশের মুসল্লিরা স্বাচ্ছন্দে ইবাদত-বন্দেগি করছেন। ইনশাআল্লাহ, আজ সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
৭ জোড়া যৌতুকবিহীন বিয়ে : ইজতেমার প্রথম পর্বের মতো গতকাল দ্বিতীয় পর্বেও ৭ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে বলে জানা গেছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা শামীম আজমী। তবে তা বয়ানের মঞ্চে না পড়িয়ে বিদেশি মুসল্লিদের তাঁবুতে পড়ানো হয়।
ইজতেমায় দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু : টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসা আরো চার মুসল্লি মারা গেছেন। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৭ মুসল্লির মৃত্যু হয়েছে।
জানা যায়, রংপুরের পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির (৬০), ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম (৬৫), ঢাকার তুরাগ থানাধীন নলভোগ এলাকার ফজলুর রহমানে ছেলে ইলিয়াস মিয়া (৮৫) এবং গাইবান্ধার সাঘাটা থানার কামালেরপাড়া এলাকার ভিলু হাজীর ছেলে আব্দুর সোবাহান (৬৫) । শুক্রবার দিবাগত রাতে ও শনিবার ভোরে ৪ মুসল্লি মারা যান। বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আব্দুস সোবাহান শনিবার ভোর সাড়ে ৬টায়, ইলিয়াস মিয়া শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়, হুমায়ুন কবীর শুক্রবার দিবাগত রাত দেড়টায় ও আ ফ ম জহুরুল হক রাত ২ টায় মারা যান।
এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দীন (৬২) মারা যান। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মুসল্লি সুরুজ মিয়া (৬০) । একই রাতে টঙ্গী জংশনে ট্রেনের ধাক্কায় মারা যান গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মুসল্লি গোলজার।
শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে মাওলানা সা’দ অনুসারি মুসল্লিরা অংশ নিচ্ছেন। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 