News Bangla 24 BD | জানুয়ারি-মার্চে আইডিকার্ড পাচ্ছেন মুক্তিযোদ্ধারা -আ ক ম মোজাম্মেল হক - News Bangla 24 BD
News Head

জানুয়ারি-মার্চে আইডিকার্ড পাচ্ছেন মুক্তিযোদ্ধারা -আ ক ম মোজাম্মেল হক


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জানুয়ারি মাস থেকে ২৬ মার্চের মধ্যে সকল মুক্তিযোদ্ধাদের আইডিকার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে। মার্চ মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই আইডি কার্ডে আট ধরণের বারকোড ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে এই কার্ড কেউ জালিয়াতি করতে না পারে।

মন্ত্রী মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, আগামী বছর বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে এমন কিছু উপহার থাকবে যাতে তারা সম্মানিত বোধ করেন। সরকার ইতোমধ্যে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা শতভাগ নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে ওষুধপত্র বিনামূল্যে দেয়া হবে। বিনা চিকিৎসায় বা অর্ধ চিকিৎসায় কোনো মুক্তিযোদ্ধা মারা যাবেন না।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে এবং তাদের বাসা বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স ফ্রি করে দিচ্ছি এবং সিটি কর্পোরেশনের যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের নামে নামকরণ করে দেয়া হচ্ছে। তাদের সন্তানদের চাকরি ও ব্যবসার করে দেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ