সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে প্রকৃত সত্য উদঘাটনে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়ে সাংবাদিকদের খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। রোববার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
মাহবুবা ফারজানা বলেন, “ফেসবুক অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যে সয়লাব। প্রকৃত তথ্য অনুসরণ করে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে খবরের ভেতরের খবর বের করে আনুন—এটাই আমাদের প্রত্যাশা।”
সাংবাদিকতাকে একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, “আপনারা একটি মহান ব্রত গ্রহণ করেছেন। তাই আপনাদের প্রতি আরও যত্নশীল হওয়া আমাদের দায়িত্ব। তথ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে আমি নির্দেশ দিয়েছি, সাংবাদিকরা যেন কোনোভাবেই হয়রানি বা অসন্তোষের শিকার না হন।” তরুণদের মধ্যে সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সচিব বলেন, “সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করুন। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কিছু সংবাদকে অপতথ্য ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করে তিনি বলেন, “কোনো বিষয়ে সন্দেহ বা প্রশ্ন থাকলে আগে আমাদের দপ্তরে এসে তথ্য যাচাই করুন, তারপর মতামত দিন। সাংবাদিকতার কোনো বিষয়ে সমস্যা হলে আমার সঙ্গে কিংবা আপনাদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারেন।”
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, বিএসআরএফের সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের
বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী
দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী
স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ
ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 