News Bangla 24 BD | ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের - News Bangla 24 BD
News Head

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের


নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেটা খুলে দেবে। আজ বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে। এসব মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম আরও বলেন, গতকাল ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোন ন্যায়বিচার পায়নি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদদ জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে ১০ বছর করে ৩টি মামলায় সাজা দিয়েছে, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোরতর বিচার প্রত্যাশা করছি।
এসময় উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ