News Bangla 24 BD | হলিউড নিয়ে ব্যস্ত সোনম কাপুর - News Bangla 24 BD
News Head

আজকাল বলিউড থেকে হলিউডে পাড়ি জমাচ্ছেন অনেকেই। সে তালিকা থেকে এরইমধ্যে হলিউডি ছবিতে কাজ শুরু করেছেন দীপিকা পাডুকোন ও প্রিয়াংকা চোপড়ারা।

এর আগে হলিউডে ঐশ্বরিয়া রাই, অমিতাভ বচ্চন ও ইরফান খানের মতো তারকারা অভিনয় করেছেন।

অগ্রজদের দেখেই কি না, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে আকর্ষণীয় ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য দারুণ উৎসাহী হয়ে পড়েছেন অনিল কাপুর তনয়া সোনম কাপুর। বলিউডে নতুন প্রজন্মের এই ফ্যাশন ডিভা নাকি উঠে পড়ে লেগেছেন হলিউডে নাম লেখাতে!

সম্প্রতি ভারতীয় দৈনিক এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সোনম নিজেই জানিয়েছেন এ কথা। তিনি বলেন, ‘আমি নতুন কিছুর জন্য চেষ্টা করছি এবং হলিউডের জন্যে বেশ কয়েকটি অডিশনও দিয়েছি। তবে সেসব নিয়ে এখনো বলার মতো কোনো সংবাদ নেই। আশা করছি সময়ই সবকিছু বলে দিবে।’

তবে কী এ কারণেই বেশ কিছুদিন ধরে বলিউডে নীরব সেলুলয়েডের ‘নীরজা’? এ প্রশ্ন করা হলে তার জবাবে মিষ্টি হাসি উপহার দিয়ে সোনম বলেন, ‘ব্যাপারটি পুরোপুরি তা নয়। তবে হলিউডে অডিশন দেয়ার ব্যস্ততায় বেশ কিছু ছবি আমাকে ফিরিয়ে দিতে হয়েছে বলিউডে। সেসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’

এদিকে সর্বশেষ সোনম কাপুরকে দেখা গিয়েছে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘নীরজা’ ছবিতে। নীরজা নামক এক সাহসী নারী বিমানকর্মীর জীবনীর উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পেয়েছেন মিস্টার ইন্ডিয়ার কন্যা সোনম।

এ বিভাগের অন্যান্য সংবাদ