কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পৌরসভা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে প্রায় তিন ঘণ্টার টানা ভারী বৃষ্টির পর পৌরসভার ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হরিণহাটি, বিশ্বাসপাড়া, মুন্সিরটেক, জোড়াপাম্প, হাবিবপুর, রূপনগর, পশ্চিম চান্দরা, ডাইনকিনি, হরতকীতলা, মাইওয়ান মোড়, পল্লীবিদ্যুৎ, দিঘিরপাড়, বটতলা ও আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বুধবার সন্ধ্যায় দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার ভিডিপি একাডেমির ৩ নম্বর গেট থেকে হরিণহাটি পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। গত মঙ্গলবার পল্লীবিদ্যুৎ এলাকায় একাধিক শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় প্রায় ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গতকাল বুধবারও অধিকাংশ কারখানা বন্ধ ছিল।
পানিবন্দী বাসিন্দাদের অভিযোগ, রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্না করা সম্ভব হচ্ছে না। গ্যাস সংযোগ বন্ধ থাকায় খাবার-সংকট আরও তীব্র হয়েছে। সাবমারসিবল পাম্প ও টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, বাড়িতে কোমরসমান পানি উঠেছে। আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।
হাবিবপুর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, অনেক পোশাকশ্রমিক কোমরপানি মাড়িয়ে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হলেও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে হরিণহাটি ও বিশ্বাসপাড়া এলাকার পানি নিষ্কাশনের খালের মুখ দখল এবং আনসার একাডেমিসংলগ্ন একটি কালভার্ট বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করেছে। বুধবার দুপুরে কালিয়াকৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ফখরুল হোসাইন বলেন, ইতিমধ্যে কয়েকটি স্থানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। বিভিন্ন কারখানার কারণে ড্রেনগুলো সংকুচিত হয়ে গেছে, এর একটি চাপ রয়েছে। এ ছাড়া ভরাট হয়ে যাওয়া খাল ও ড্রেন পুনঃখননের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 