দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মূল ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি আটক রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে লিখিতভাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী দেশের কারাগারগুলোর বর্তমান পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।’
তিনি সুনির্দিষ্ট হিসাব দিয়ে আরও যোগ করেন, ‘পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং মহিলা ২ হাজার ২৯ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে পুরুষ ৭৪ হাজার ৩৬ ও মহিলা ২ হাজার ৭৭ জন বন্দি আটক রয়েছে।’ ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে। উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং তখন সর্বমোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি এবং খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে বন্দি ধারণক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ 