বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর অধীনে ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি’র উদ্যোগে একটি বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ৯০১ নম্বর কক্ষে “From Graduate to Advocate: Navigating the Bar Council Enrolment Process” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইন বিভাগের ৮ম থেকে ১৩তম ব্যাচের প্রায় ১০০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির যাত্রা আইন বিভাগের জন্য একটি গৌরবময় ও আবেগঘন মাইলফলক। উপাচার্য অধ্যাপক ড. এম. ছিদ্দিকুর রহমান খানের প্রজ্ঞাময় নেতৃত্ব, দিকনির্দেশনা ও সহযোগিতায় স্কুল অব ল-এর কার্যক্রম নতুন গতি পেয়েছে। আইন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে উপাচার্যের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. নাহিদ ফেরদৌসী আরও বলেন, আইন শুধু একটি পেশা নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, সত্যের পক্ষে দাঁড়ানো এবং অসহায় মানুষের পাশে থাকার একটি মহান দায়িত্ব। শিক্ষার্থীদের মানবিকতা, সততা, পেশাগত নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে আইন পেশায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালার মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাউবি আইন বিভাগের তৃতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ। তিনি বার কাউন্সিল এনরোলমেন্ট প্রক্রিয়া, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ধাপ, পরীক্ষার প্রস্তুতি, পেশাগত চ্যালেঞ্জ ও সফলতার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেদিন থেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি শুরু হবে, সেদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই।
কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষা, আইন পেশার বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি মুট কোর্ট সোসাইটির আহ্বায়ক ও স্কুল অব ল-এর প্রভাষক সজল আহমেদ বাপ্পী। অনুষ্ঠান শেষে আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, মুট কোর্ট চর্চা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এই সোসাইটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা
নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত 