৫২-র ভাষা আন্দোলনে শহিদদের আত্মদান স্মরণে প্রভাত ফেরির- ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি- আমি কী ভুলিতে পারি’ গানের স্মৃতি জড়ানো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। বাংলা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের এ দিনে পুলিশের গুলিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে ও মিছিলে অংশগ্রহণকারী শহিদ সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। শহিদের পবিত্র রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং ১৯৭১-এ দীর্ঘ নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। গৗরবময় ভাষা আন্দোলনের ৬৫ বছর আজ। বস্তুত একুশে ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালিই ভাষার জন্যে জীবন দিয়েছিল। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে ঐতিহাসিক রক্তে রাঙানো একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে রাতের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে। বিশ্ব বাঙালিরা এবার অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে পালন করবে শহিদ দিবস। একাত্তরের মানবতাবিরোধী শীর্ষ ৬ জন যুদ্ধাপরাধী মামলার রায়ে কাদের মোল্লা, সালাউদ্দীন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান ও মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে শহিদ পরিবারের সদস্যদের কষ্ট ও যন্ত্রণার বোঝা কিছুটা হলেও লাঘব হয়েছে। ফাঁসির দন্ডাদেশ কার্যকর হওয়ায় বাঙালি জাতিও অনেকটাই হয়েছে দায়মুক্ত। পাশাপাশি অভিযুক্ত বাকি যুদ্ধাপরাধীদের শাস্তি ও ফাঁসি কার্যকর করার দাবিতে বিশ্ব বাঙালি আজ হয়েছে ঐক্যবদ্ধ। বিশ্বের যে প্রান্তেই বাঙালি- সে প্রান্তেই যুদ্বাপরাধীদের ফাঁসির দাবিতে মিছিলে- স্লোগানে সোচ্চার তাঁরা। বিশ্ব বাঙালি আজ জাতীয় শোকের এই দিনে জঙ্গিবাদ, নাশকতাকারী, যুদ্ধাপরাধী ও দেশদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানাবে। ইতোমধ্যে বাঙালি জাতি অমর একুশে উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করে আয়োজন করেছে নানা কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার, আজিমপুর কবরস্থানসহ একুশের প্রভাত ফেরি প্রদক্ষিণের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপি বিশেষ নিরাপত্তাব্যবস্থাসহ শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের সদস্যদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং পর্যাপ্ত ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়াও র্যাবের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি যথাযথ ও সু-শৃঙ্খলভাবে উদযাপনের জন্য গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণে কয়েকটি সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারা দেশের শহীদ মিনারগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। অমর ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ মহান মাতৃভাষা দিবস ও শহিদ দিবসে সারা বিশ্বের বাঙালি জাতি ২১শের চেতনায় দেশ গড়ার প্রতিজ্ঞায় অঙ্গীকারবদ্ধ। আজ শহিদ স্মরণে বিশ্ব বাঙালি জানাবে হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি। আজ বীর বাঙালি নতুন করে শপথ নেবে জীবন দিয়ে হলেও বাংলাভাষার, বাংলা মায়ের সম্মান রক্ষা করবে। চিরদিন হয়ে থাকবে বাংলা ভাষার অতন্দ্র প্রহরী।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 