সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। পরে বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রদর্শনী স্থানের ওপর দিয়ে উড়ে যায়। এ সময় প্যারেড স্কয়ারে প্যারাট্রোপার সফলভাবে অবতরণ করে।
প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন হালকা ও ভারি সমরাস্ত্র দেখেন। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর অবদান ও সাহসিকতাপূর্ণ ঘটনা প্রদর্শনীতে স্থান পাওয়া স্টলগুলো ঘুরে দেখেন তিনি। বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত আট বছরে সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড স্টলে স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী জাতি গঠনে সশস্ত্রবাহিনীর কর্মকাণ্ড এবং জাতিসংঘ শান্তি মিশনে সশস্ত্রবাহিনীর অবদান তুলে ধরা তিন বাহিনীর স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন। তিনি মিগ-২৯ এবং মিগ-২১ যুদ্ধবিমানের বর্ণাঢ্য অ্যারোবেটিক শো দেখেন। প্রধানমন্ত্রী পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং অন্য শিল্পীদের পরিবেশিত সঙ্গীত ও নৃত্য উপভোগ করেন। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান মার্শাল আবু এসরার এবং সশস্ত্রবাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মো. মাহফুজুর রহমান তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, রাষ্ট্রদূত, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি ২৩, ২৬, ২৭ ও ২৯ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বেসামরিক লোকদের জন্য উন্মুক্ত থাকবে। ২৪ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ২৮ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শুধু সশস্ত্রবাহিনীর সদস্যদের এবং সামরিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ২৯ মার্চ সাধারণ জনগণসহ ঢাকা মহানগরীর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 