News Bangla 24 BD | রদ্রিগেজ-মোরাতার জোড়া গোলে রিয়ালের বড় জয়
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

রদ্রিগেজ-মোরাতার জোড়া গোলে রিয়ালের বড় জয়


স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে জয় দিয়ে বার্সেলোনাকে ধরে ফেলেছে রিয়াল মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে তিন পয়েন্ট এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া গ্রানাডাকে উড়িয়ে সে ব্যবধান ঘুঁচিয়ে ফেলেছে রিয়াল। ফলে পয়েন্ট টেবিলের চিত্র এখনো আগের মতোই রয়েছে।

শনিবার রাতে গ্রানাদার মাঠ থেকে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এদিন প্রথম একাদশে অনেক পরিবর্তন এনে মাঠে নামে রিয়াল। চোটের কারণে আগে থেকেই বাইরে ছিলেন গ্যারেথ বেল, বিশ্রাম দেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও গোলরক্ষক কেইলর নাভাসকেও। বিবিসি আক্রমণভাগের আরেক সদস্য করিম বেনজেমাকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ। প্রথম একাদশে আরও ছিলেন না টনি ক্রুস ও মার্সেলো।তবে এতে জয় পেতে মোটেও সমস্যা হয়নি রিয়ালের। ম্যাচের প্রথমার্ধেই সবকটি গোল করে জয় নিশ্চিত করে জিদানের শিষ্যরা। দুবার করে জালে বল পাঠান জেমস রদ্রিগেস ও আলভারো মোরাতা।

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোলটিতে বড় কৃতিত্ব লুকাস ভাসকেজের। ডান দিক থেকে এই স্প্যানিশ ফরোয়ার্ডের গোলমুখে বাড়ানো নিচু ক্রস রদ্রিগেজের পায়ে লেগে জালে ঢুকে যায়। আট মিনিট পর বাঁ-দিক থেকে পর্তুগালের ফাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে জোরালো হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।

কিছুক্ষণ পর চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন মোরাতা। ৩০ মিনিটে বাইলাইন থেকে দানিলোর কাটব্যাক পেয়ে জোরালো শটে বল জালে জড়ান মোরাতা। জায়গা থেকে নড়ার সুযোগই পাননি গোলরক্ষক ওচোয়া। একক নৈপুণ্যে দলের চতুর্থ গোলটি করেন মোরাতা; ডি-বক্সের মধ্যে বাঁ-দিকে এক জনকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে চলতি লিগে নিজের ১৫তম গোলটি করেন তিনি।এরপর আর কোনো গোল না হলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এর আগের ম্যাচে ন্যু ক্যাম্পে ‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারানো লুইস এনরিকের দলের পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৪। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান ৮৪। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে তারা।

যদিও শিরোপা ভাগ্য রিয়ালের হাতেই রয়েছে; সেভিয়া, সেল্টা ভিগো ও মালাগার বিপক্ষে নিজেদের বাকি তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই ২০১২ সালের পর আবার লা লিগার শিরোপা জিতবে মাদ্রিদের ক্লাবটি। শিরোপাধারী বার্সেলোনার শেষ দুই প্রতিপক্ষ লাস পালমাস ও এইবার।

এ বিভাগের অন্যান্য সংবাদ