News Bangla 24 BD | চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু কাল: মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু কাল: মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড


বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপের পরই মর্যাদাকর টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের। লন্ডনের কেনিংটন ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে দু’দল। ‘এ’ গ্রুপের এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ- ইংল্যান্ড উভয় দলই।
গত বিশ্বকাপের পর থেকেই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পারফরমেন্সের গ্রাফটা উর্ধ্বমুখী। সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রানার্স-আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে লন্ডনে পা রাখে মাশরাফির নেতৃত্বাধীন দলটি।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বড় সাফল্যে ছিলো টুর্নামেন্টের শেষ ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারানো। এই জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ সাত নম্বর থেকে ষষ্ঠস্থানে উঠে আসে টাইগাররা। তাই শতভাগ প্রস্তুত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শুরু করবে বাংলাদেশ। যা চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিউজিল্যান্ডকে হারানোর পর মাশরাফি বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। কারণ আমরা জানতাম, এটি জিতলেই র‌্যাংকিং-এ ছয়ে উঠবো আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন একটি অর্জন অবশ্যই দলের জন্য ভালো।’
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর প্রস্তুতি হিসেবে দু’টি অনুশীলন ম্যাচে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও ২ উইকেটে ম্যাচ হারে টাইগাররা। আর গতকাল ভারতের দেয়া ৩২৫ রানের টার্গেটে ৮৪ রানেই নিজেদের গুটিয়ে নেয় বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচেই হার আত্মবিশ্বাসের জন্য এক দিক থেকে হয়তো গুরুত্বপূর্ণ। আবার গুরুত্বপূর্ণ নয় কেননা ২০১৫ বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচেও যে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৩ উইকেটে ও আয়ারল্যান্ডের ৪ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলো মাশরাফির দল। অসাধারণ পারফরমেন্স দেখিয়ে বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ডের মত দলকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছিল টাইগাররা। যেটি ইতোমধ্যেই ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচের একটি হিসেবে গণ্য হয়েছে।
তাই বড় মঞ্চে জ্বলে ওঠার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। অতীতেও এমন ঘটিয়েছে তারা। তাই অতীতের স্মৃতিতে রোমাঞ্চিত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অসাধারণ কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এজন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে। তাই ব্যাটিং-এ তামিম ইকবাল, বোলিং-এ মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ড ক্যাটাগরিতে সাকিব আল হাসানের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ।
বাংলাদেশ যেমন আত্মবিশ্বাসী, ঠিক তেমনি ফুরফুরে মেজাজেই রয়েছে গত আসরের রানার্স-আপ ইংল্যান্ডও। চলতি সপ্তাহেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছিলো ইংলিশরা। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে টুইটুম্বর হয়েই বাংলাদেশের বিপক্ষে লড়তে নামবে ইয়োইন মরগানের দল।
পাশাপাশি নিজেদের চেনা কন্ডিশনের সুবিধা তো থাকছেই ইংল্যান্ডের সামনে। তাই সবকিছু থাকার পরও শিরোপা জিততে না পারলে বড় হতাশা হবে বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। এজন্য শিরোপা জয়ের মিশনে চমৎকার শুরুর প্রত্যাশায় ইংলিশ দলপতি মরগান, ‘ভালো শুরুর জন্যই মাঠে নামবো আমরা। দল হিসেবে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। যে দল ভালো খেলবে তারাই জিতবে।’
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৯ বার একে অপরের বিপক্ষে লড়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ছিলো ১৫টি ম্যাচে, বাংলাদেশে জিতেছে ৪ ম্যাচে। তবে আইসিসি নকআউট বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-ইংল্যান্ড। ২০০০ সালের দ্বিতীয় আসরে প্রি-কোয়ার্টার ফাইনালের ঐ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।
ইংল্যান্ড স্কোয়াড: ইয়োইন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, এ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ