বখাটেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কালিয়াকৈরে স্কুল ছাত্রীরা আতঙ্কে
শামসুল হক ভুইয়া গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকায় চার স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। হামলার কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, রামদা বর্তমানে স্থানীয় মাতাব্বরের কাছে জমা থাকলেও সোমবার বিকেল পর্যন্ত তা উদ্ধার করেনি পুলিশ। ওই ঘটনার পর থেকে এলাকার ছাত্রীরাও আতংকে আছে। স্কুলে যেতেও পাচ্ছে ভয়। অস্ত্রধারী সেই বখাটেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ওই পরিবারকে নানা হুমকি দিচ্ছে। স্থানীয় কয়েকজন মাতাব্বরের বাধায় মামলা করতেও ভয় পাচ্ছেন বলে বলে অভিযোগ পাওয়া গেছে। যার কারণে সোমবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় মামলা হয়নি থানায়।
এলাকাবাসী, শিক্ষার্থী ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, গত রোববার সকাল পৌণে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকার ইতি আক্তার, রুনা আক্তার, কলি আক্তার ও ইতি আক্তার নামে চার ছাত্রী স্কুলে যাচ্ছিল। এরা সকলেই স্থানীয় ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম, নবম ও দশম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাওয়ার পথে পাইকপাড়া বাজার এলাকায় পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা ওই এলাকার আরিফ হোসেন, মিনহাজ হোসেন মিলু, ফিরোজ উদ্দিন, জাহাঙ্গীর মন্ডল নামের বখাটে যুবক তাদের উত্যক্ত করে। ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করলে ওই বখাটেরা একটি পিস্তল, চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার ছামান উদ্দিন ভূইয়ার ছেলে আব্দুল রশিদের উপর হামলা চালায় এবং প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে আহত করে। এসময় তার ছোট ভাই দুলাল উদ্দিন ভূইয়া ও আব্দুল মালেক ফেরাতে গেলে তাদেরও এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আব্দুল রশিদ ও আব্দুল মালেককে চিকিৎসা দিয়ে ওইদিন রাতে ছেড়ে দিলেও দুলাল উদ্দিন ভূইয়ার অবস্থা গুরুতর হওয়ায় তিনি চিকিৎসাধীন রয়েছে। আহতদের মাথায়, গাড়ে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে ওই ঘটনার পর ওই দিন বিকেলে দুলাল উদ্দিন ভূইয়ার বাড়ির পাশ দিয়ে ওই বখাটেদের ঘুরাফেরা করতে দেখা গেছে। এ সময় বাড়ির মহিলাদের উদ্দেশ্যে তারা বলাবলি করতে থাকে, দুই ভাইরে বসাইয়া দিয়েছি, আবার কট কট করলে এবারে শেষ করে দিব। তিনজনকে কুপিয়ে জখম ও প্রকাশ্যে বখাটেরা ঘুরে ফিরে নানা হুমকি নানা হুমকির ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। হামলার কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, রামদা বর্তমানে স্থানীয় মাতাব্বর আব্দুল খালেকের কাছে জমা থাকলেও সোমবার বিকেল পর্যন্ত তা উদ্ধার করেনি পুলিশ। স্থানীয় কয়েকজন মাতাব্বর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবারকেও মামলা করতে বাধা প্রয়োগ করছেন। যার কারণে ওই এলাকার ছাত্রীরাও স্কুলে যেতে-আসতে ভয় পাচ্ছে বলে স্কুলছাত্রী ইতি আক্তার, রুনা আক্তার, কলি আক্তার ও ইতি আক্তার জানিয়েছে। এমনকি রাস্তা দিয়ে চলাচল করতেও মেয়ে ও নারীরা ভয় পাচ্ছেন। আতংকে আছেন তাদের অভিভাবকরাও। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে বসার কথা রয়েছে বলেও স্থানীয় মাতাব্বর আবুল বাশার জানিয়েছে।
এর আগেও বখাটে ফিরোজ উদ্দিনকে পুলিশ উপজেলার হিজলতলী এলাকা থেকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে। কিন্তু বছর খানেক কারা ভোগের পর ৬ মাস আগে জামিনে বেরিয়ে আসে ফিরোজ। আবারও সে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।
আহত আব্দুল রশিদ জানান, স্থানীয় আবুল বাশার, আব্দুল খালেকসহ কয়েকজন মাতাব্বর মামলা করতে দিচ্ছে না। আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে বিচারে বসানো হবে বলেও আমাকে জানিয়েছে তারা। আমরা খুব আতংকে আছি। ভয়ে ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া আমার মেয়েকে লোক দিয়ে স্কুলে পাঠানো হয়েছে।
ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, ওই চার ছাত্রী স্কুলে আসার পথে তাদের উত্যক্ত করে আরিফ। ওই ঘটনাকে কেন্দ্র করে এঘটনাটি ঘটেছে। ওই এলাকার ছাত্রীরা আতংকে আছে এবং স্কুলে আসতেও ভয় পাচ্ছে। এমনকি তাদের অভিভাবকগন আতংকে রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া কুপিয়ে আহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছিল। কিন্তু কেন মামলা দিতে আসছে না জানা নেই।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 